চাঁদপুর, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের মেঘনা নদীতে বুধবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে আট হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে উপকূলরক্ষী বাহিনী- কোস্টগার্ড।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শহর সংলগ্ন ডাকাতিয়া নদীর তীরে এসব জাল পুড়িয়ে ফেলা হয়। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
কোস্টগার্ডের চাঁদপুর স্টেশনের পেটি অফিসার ছিদ্দিকুর রহমান বলেন, মেঘনা নদীর মোহনপুর, আমিরাবাদ, আনন্দবাজার, লগ্নিমারা চর ও এখলাসপুর এলাকায় অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন অভিযানে নেতৃত্ব দেন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. আনওয়ারুল করিম।
তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে তিনি জানান।
ইলিশ সম্পদ রক্ষায় মার্চ-এপ্রিল দু'মাস চাঁদপুর মতলব উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর একশ' কিলোমিটার এলাকায় জাটকাসহ সব মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমইউএস/এমএসবি/১৭০৮ ঘ.
bdnews24