২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জলবায়ু পরিবর্তন রোধ কৌশলপত্র' চূড়ান্ত করতে ছয় সদস্যের উপ-কমিটি

'জলবায়ু পরিবর্তন রোধ কৌশলপত্র' চূড়ান্ত করতে আবারো চারজন বিশেষজ্ঞসহ ছয় সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। আগামী ২২ এপ্রিলের মধ্যে কমিটিকে চূড়ান্ত খসড়া জমা দিতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2009, 03:39 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'জলবায়ু পরিবর্তন রোধ কৌশলপত্র' চূড়ান্ত করতে আবারো চারজন বিশেষজ্ঞসহ ছয় সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। আগামী ২২ এপ্রিলের মধ্যে কমিটিকে চূড়ান্ত খসড়া জমা দিতে বলা হয়েছে। বুধবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ে 'বাংলাদেশের জলবায়ু পরিবর্তন কৌশলপত্র এবং কর্মপরিকল্পনা ২০০৮' পর্যালোচনা ও পুনর্গঠনে অনুষ্ঠিত এক সভায় পরিকল্পনা মন্ত্রী একে খন্দকার একথা জানান। সভায় অর্থনীতিবিদ ও পরিবেশ বিশেষজ্ঞ ড. কাজী খলীকুজ্জামান আহমেদ, ড. আইনুন নিশাত, ড. এম আতিক এবং ড. আসাদুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হবেন- পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক। চূড়ান্ত খসড়া তৈরির পর তা অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদে উপস্থাপন করা হবে। কমিটির সভাপতি একে খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী গোলাম কাদের (জিএম কাদের), পরিবেশ ও বন প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, পূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসান মাহমুদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২১৩৯ঘ.