ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের চলতি দায়িত্বের প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানের দুর্নীতি তদন্তে কেন নির্দেশ দেওয়া হবে না তার কারণ জানতে চেয়ে হাইকোর্ট সরকার ও দুর্নীতি দমন কমিশনের প্রতি রুলনিশি জারি করেছে।
বুধবার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. শামসুল হুদার হাইকোর্ট বেঞ্চ ফরিদপুরের জনৈক এএসএম খায়রুল আলমের দায়ের করা এক জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়।
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব, সংস্থাপন সচিব,মন্ত্রীপরিষদ সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, সচিব ও ওয়াহিদুর রহমানকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, ২০০৭ সালের ২৬ জুন দৈনিক ইত্তেফাকে "শতকোটি টাকা ধনসম্পদের মালিক এক প্রকৌশলী" শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর ভিত্তিতে ওই প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি তদন্তের আবেদন জানিয়ে রিটকারী ওই বছরের ২৩ নভেম্বর মন্ত্রীপরিষদ সচিবের কাছে একটি আবেদন জানান। এরপর ওই বছরের ৩০ নভেম্বর রিটকারী দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের কাছে একই আবেদন জানান।
রিট আবেদনে আরও বলা হয়, চলতি বছরের ২৬ ফেব্র"য়ারি রিটকারী ওই প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দুদক চেয়ারম্যান ও মন্ত্রীপরিষদ সচিবের কাছে আবারও আবেদন জানান। এরপরও কোন ব্যবস্থা না নেওয়ায় তিনি গত ১২ এপ্রিল হাইকোর্টে রিটটি দায়ের করেন।
রিটকারীর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২১২৯ঘ.
bdnews24