চাঁদপুর, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে উপকুল রক্ষী বাহিনীর সদস্যরা ১০ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে।
এই জাল মঙ্গলবার সকালে শহরের ডাকাতিয়া নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুরের উপকুল রক্ষী বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট আনওয়ারুল করিম।
বাহিনীর চাঁদপুর স্টেশনের কর্তব্যরত কর্মকর্তা সবুজ (তিনি নিজেকে এই নামে পরিচয় দেন) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকাল থেকে দুপুর এবং বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত মেঘনা নদীর জাহাজমারা, চিরারচর, আমিরাবাদ, কানুদী ও লগ্নিমারা চর এলাকায় অভিযান চালানো হয়।
সে সময় বিভিন্ন নৌকা থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয় বলে জানিয়ে তিনি বলেন, তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ইলিশ সম্পদ রক্ষায় মার্চ-এপ্রিল দু'মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় জাটকা শিকার নিষিদ্ধ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/১৮৫৯ ঘ.
bdnews24