২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন কমিশনে বিচারপতি মোহাম্মদ আবদুর রশিদের নিয়োগ 'প্রক্রিয়াধীন'

আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে বিচারপতি মোহাম্মদ আবদুর রশিদকে নিয়োগের প্রস্তাবটি 'প্রক্রিয়াধীন' বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2009, 04:04 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে বিচারপতি মোহাম্মদ আবদুর রশিদকে নিয়োগের প্রস্তাবটি 'প্রক্রিয়াধীন' বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, "সহসাই আইন কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে। চেয়ারম্যান হিসেবে বিচারপতি মোহাম্মদ আবদুর রশিদকে নিয়োগের একটি প্রস্তাব বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।" তিনি বলেন, "আইন কমিশন কার্যকর হলে অনেক আইন যুগোপযোগী করে মানুষের কল্যাণ সম্ভব হবে। এ কমিশন স্বাধীন ও স্বনির্ভর হয়ে কাজ করলে সমাজের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে।" একজন সাংবাদিক 'বিগত দুই সরকারের সময় আইন কমিশন কোন কাজ করতে পারেনি'- এমন মন্তব্য করলে আইনমন্ত্রী বলেন, "আমরা চাই আইন কমিশনকে কার্যকর করতে। এ জন্য দ্রুত সেখানে চেয়ারম্যানসহ অন্যান্য শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।" ১৯৯৬ সালে গঠিত হয় আইন কমিশন। তৎকালীন আওয়ামী লীগ সরকার ওই বছরের সেপ্টেম্বরে আইন কমিশন আইন প্রণয়ন করে। অবসরপ্রাপ্ত একজন প্রধান বিচারপতিকে চেয়ারম্যান ও হাইকোর্টের অবসরপ্রাপ্ত দু'জন বিচারপতিকে সদস্য নিয়োগের বিধান রয়েছে কমিশন আইনে। বিধান অনুযায়ী চেয়ারম্যান ও সদস্যসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী নিয়ে কমিশন যাত্রা শুরু করে। প্রথম দিকে কমিশনকে বেশ গুরুত্ব দেওয়া হতো। আইন প্রণয়ন, বাতিল ও সংশোধনের আগে কমিশনের মতামত নেওয়া হতো। কমিশনের শেষ চেয়ারম্যান ছিলেন সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল। তিন বছর মেয়াদ শেষে তিনি কমিশন ছেড়ে যান ২০০৭ সালের ৫ ডিসেম্বর। বর্তমানে কমিশনের চেয়ারম্যান ও অন্য দুই সদস্যের পদসহ বেশ কিছু পদ শুন্য রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এটি/এসকে/২২০৬ঘ.