ঢাকা,এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বাংলা নববর্ষের সুষ্ঠু ও নির্বিঘ্ন উদযাপন নিশ্চিত করতে সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।
স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ, স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান,পুলিশের মহাপরিদর্শক নুর মোহাম্মদ, র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকারসহ র্যাব এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা সোমবার নববর্ষ বরণের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা দেখে বলেন, "আগের চেয়ে এবারের নিরাপত্তা ব্যবস্থা অনেক ভাল। ২৬ মার্চ বা ২১ ফেব্র"য়ারিতে যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল, বৈশাখের এই নিরাপত্তা ব্যবস্থা তার চেয়ে অনেক উন্নত।"
কর্মকর্তারা জানান, অন্যান্য ব্যবস্থার পাশাপাশি রাতে কাজ করার উপযোগী ক্যামেরা বসানো হয়েছে রমনা বটমূলে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে বলেন, "এখন জঙ্গিবাদ নিয়ে ভয়ের কোন কারণ নেই। বৈশাখের অনুষ্ঠান যেন পরিবার নিয়ে সবাই উপভোগ করতে পারে এ জন্য সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।"
র্যাব -৩ অধিনায়ক লে.কর্ণেল জাকির হোসেন ভুইয়া মন্ত্রী এবং উর্ধ্বতন কর্মকর্তাদের নিরাপত্তা ব্যবস্থার বিষয়গুলো বুঝিয়ে দেন। তিনি জানান, রাজধানীতে এবার সাড়ে ৩ হাজার র্যাব সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবে। এছাড়াও ধানমন্ডির রবীন্দ্র সরোবর, চিড়িয়াখানা ও অন্য পার্ক ও বিনোদনের স্থানে সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট র্যাব কর্মকর্তারা জানান, রাজধানীতে বর্ষবরণের মূল স্থান রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা এবার ঢেলে সাজানো হয়েছে। বটমূলের আশেপাশে এবার খাবার দোকানসহ কোন দোকানই বসবেনা। এসব দোকান সোহরাওর্য়াদী উদ্যান এবং টিএসসিতে সরিয়ে দেওয়া হয়েছে।
শিশুরা হারিয়ে গেলে নির্দিষ্ট একটি জায়গা থেকে সে খবর প্রচারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সবার জন্যে পর্যাপ্ত পানি ও জরুরি চিকিৎসার ব্যবস্থাও থাকবে।
রমনা বটমূলে বা আশেপাশে অনুষ্ঠানে যারা আসবেন তারা যেন বড় ধরণের ব্যাগ না নিয়ে আসেন সে ব্যাপারে র্যাবের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
র্যাব ছাড়াও বিপুলসংখ্যক পুলিশ, ডিবি ও সোয়াট বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
র্যাব সূত্র জানান, নিরাপত্তা কাজের জন্য রমনা বটমূলসহ পুরো এলাকা এবার চারটি সেক্টরে ভাগ করা হয়েছে। রমনা বটমূল ছাড়াও টিএসসি,চারুকলা ইনস্টিটিউট,বাংলা একাডেমি,শিল্প কলা একাডেমি, শাহবাগ মোড় থেকে মৎস্য ভবন পর্যন্ত এলাকায় মোট ২৯টি নিরাপত্তা বেষ্টনী থাকবে। ৩২টি ক্লোজ সার্কিট ক্যামেরা এবং ৮টি অন্ধকারে ছবি তোলায় সক্ষম ইনফ্রারেড (আইআর) ক্যামেরা থাকবে। এবারই এই প্রথম এ ধরণের ক্যামেরা বসানো হয়েছে।
ঢাকার বাইরে থাকবে তিনহাজার র্যাব সদস্য।
সা
bdnews24