২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনজিও'র কার্যক্রম তদারকে শিগগিরই স্বতন্ত্র সংস্থা হচ্ছে

এনজিওগুলোর কার্যক্রম তদারকে শিগগিরই গঠন হচ্ছে স্বতন্ত্র সংস্থা। এ সংস্থার সম্ভাব্য নাম 'বিশেষ নিরাপত্তা কাউন্সিল অথবা কমিশন'। সংসদের আগামী অধিবেশনেই এটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হবে। তার আগে প্রস্তাব মন্ত্রিসভায় তোলা হবে। বিস্তারিত জানাচ্ছেন প্রদীপ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2009, 12:10 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

প্রদীপ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এনজিওগুলোর কার্যক্রম তদারকে শিগগিরই গঠন হচ্ছে স্বতন্ত্র সংস্থা। এ সংস্থার সম্ভাব্য নাম 'বিশেষ নিরাপত্তা কাউন্সিল অথবা কমিশন'। সংসদের আগামী অধিবেশনেই এটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হবে। তার আগে প্রস্তাব মন্ত্রিসভায় তোলা হবে। সোমবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে সমাজ কল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তাফা শহীদ এ কথা জানিয়েছেন। তিনি বলেন, "রাষ্ট্রের মধ্যে আরেক রাষ্ট্র তৈরি করে কোনো কোনো বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) তাদের কার্যক্রম চালাচ্ছে। তাদের কার্যক্রম আকাশচুম্বী অবস্থায় চলে গেছে। তারা বেশ শক্তিশালী ও প্রভাবশালী। এটা বন্ধ করতে হবে। তাদেরকে অবশ্যই একটা কর্ম পরিধির মধ্যে আনতে হবে। "তাদের কার্যক্রম তদারক করতে সংসদের আগামী অধিবেশনেই একটি সংস্থা গঠনের প্রস্তাব উত্থাপন করা হবে।" তার আগে বিষয়টি মন্ত্রিসভায় তোলা হবে বলেও জানান মন্ত্রী। এনামূল হক আরও জানান, "ভোলার গ্রিন ক্রিসেন্টের ঘটনার পর এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা শুরু হয়েছে।" এক প্রশ্নের জবাবে তিনি জানান, ১৯৬১ সাল থেকে এখন পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে ৫৫ হাজার ৪৩৯ টি এনজিওর নিবন্ধন দেওয়া হয়েছে। এর মধ্যে সক্রিয় আছে ৩২ হাজার ১৫৯ টি। বাকি ২৩ হাজার ২৮০ টি এনজিও নিষ্ক্রিয় রয়েছে। দেড় লাখেরও বেশি এনজিও বর্তমানে দেশে কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, "সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বাইরে এনজিও ব্যুরো, সমবায় অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসব এনজিওর নিবন্ধন নেওয়া হয়েছে।" ক্ষুদ্্র ঋণ কার্যক্রম পরিচালনা করা যাবে না- এমন শর্তেই সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে এনজিওগুলোর নিবন্ধন দেওয়া হয়েছে জানিয়ে এনামুল হক বলেন, তবে বেশির ভাগ প্রতিষ্ঠান যারা ক্ষুদ্্র ঋণ কার্যক্রম পরিচালানা করছে তারা বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন সংস্থা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির কাছ থেকে নিবন্ধন নিয়েছে। সারাদেশে ১ হাজার ৮৬৪ টি সংস্থা ক্ষুদ্্র ঋণ কার্যক্রম পরিচালানা করছে। যার মধ্যে ১ হাজার ১২০ টির অনুমোদন রয়েছে। বাকি ৭৪৪ টির কোনো অনুমোদন নেই। যাদের অনুমোদন নেই তাদের বিরুদ্ধে সরকার আইনগত ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, "আমরা মৌচাকে ঢিল ছুড়েছি। কিন্তু সবার সহযোগিতায় আমরা এদেরকে নিয়মের মধ্যে আনবো। তবে যেসব এনজিও মানবসেবা করে তাদেরকে আমরা সাহায্য করতে চাই।" তিনি আরো বলেন, "আমাদের অর্থনৈতিক দুর্বলতা ও অসহায়ত্বের সুযোগ নিয়ে কোনো কোনো দেশ মৌলবাদীদের অর্থ যোগান দেবে তা হতে দেওয়া হবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এইচএ/১৮০৭ঘ.