মাগুরা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিয়া রোববার গভীর রাতে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সুজন মিত্র নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মিয়াকে রাতেই আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাকোল পুলিশ ক্যাম্পের সহকারী উপ পরিদর্শক জাহিদুল ইসলাম সোমবার সকালে জানান, একটি অষ্টক গানের আসর থেকে নাকোলে নিজ বাড়ি ফেরার সময় জোৎ শ্রীপুর স্লুইচ গেট এলাকায় পৌঁছলে রাত দু'টার দিকে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে এক সন্ত্রাসী। গুলি তার বুকের বাঁ দিকে লাগে।
পুলিশ কর্মকর্তা জাহিদুল জানান, শাহজাহান মিয়া আহত অবস্থায় মোবাইল ফোনে নাকোল পুলিশ ক্যাম্পে ঘটনা জানালে পুলিশ এসে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়।
পরে অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয় সদর হাসপাতালের চিকিৎসকরা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/টিআর/১৮২৬ ঘ.
bdnews24