ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে যৌথবাহিনীর নির্যাতনের শিকার এক ব্যবসায়ী মেজর সরোয়ারসহ যৌথবাহিনীর তিন সদস্যের বিরুদ্ধে সোমবার মামলা করেছেন।
সকাল সাড়ে ১০টায় ব্যবসায়ী মো. শামসুদ্দিন আহমেদ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন। দুপুরে মামলার শুনানি শেষে আদেশ দেওয়ার কথা রয়েছে।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০০৭ সালের ২৬ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে সাদা পোশাকে মেজর সরোয়ার এবং যৌথবাহিনীর আরো ৬-৭ জন সদস্য নয়াপল্টনে শামসুদ্দিন ওভারসিজের কার্যালয়ে ঢুকে মালিক শামসুদ্দিনকে মারপিট করে।
পরে তাকে জোরপূর্বক পল্টন কমিউনিটি সেন্টারে যৌথবাহিনীর অস্থায়ী ক্যাম্পে এনে আবারো নির্যাতন করা হয়।
এরপর অুসস্থ শামসুদ্দিনকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সে সময় দেশে জরুরি অবস্থা থাকায় এদের বিরুদ্ধে মামলা দায়ের করা যায়নি বলেও মামলার বিবরণে বলা হয়েছে।
মানবাধিকার সংস্থা 'ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস'র আইনজীবী শাহানূর ইসলাম সৈকত মামলা দায়েরে বাদীকে সহযোগিতা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এজে/জিএনএ/১৩২২ ঘ.
bdnews24