ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- এশিয়ান হাইওয়ে ও রেলওয়ের সঙ্গে বাংলাদেশকে সংযুক্ত করার জন্য সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই যোগাযোগ নেটওয়ার্কে যুক্ত হলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে।
(বিস্তারিত)
সোমবার সকালে সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে শেখ হাসিনা এ আশাবাদ ব্যক্ত করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ পূর্ব ও পশ্চিমের সেতু হিসাবে ব্যবহৃত হতে পারে বলে মত প্রকাশ করে শেখ হাসিনা এসময় বলেন, আমাদের অনেক সম্পদ রয়েছে। এই সম্পদকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে আমরা অবশ্যই উন্নত ও সমৃদ্ধ জাতি হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবো।
বাংলাদেশের অর্থনীতির জন্য এশিয়ান হাইওয়ে ও রেলওয়ের সঙ্গে যুক্ত হওয়া অপরিহার্য মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, "পৃথিবী যেখানে খুলে যাচ্ছে সেখানে আমরা দ্বার বন্ধ করে থাকতে পারি না। তাহলে আমরাই বিচ্ছিন্ন হয়ে যাবো।"
বাংলাদেশ ও এ অঞ্চলের দেশগুলোর জন্য চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরের গুরুত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "এই বন্দরগুলোকে আধুনিক ও উন্নত করতে পারলে প্রতিবেশী দেশ নেপাল, ভুটান, ভারত এমনকি চীনের ব্যবহার করার সুযোগ সৃষ্টি হবে। তাহলে এই বন্দরগুলো অর্থনীতিতে বিরাট অবদান রাখতে পারবে।"
তিনি একটি গভীর সমুদ্র বন্দরও নির্মাণ করার সম্ভাবনার কথা তুলে ধরেন।
বৈঠকে প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের ভয়-ভীতির উর্ধ্বে উঠে জনগণের কল্যাণে কাজ করার আহবান জানিয়ে বলেন, "হতাশা আর আতঙ্কের মধ্যে থেকে কখনো কোন জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।"
প্রধানমন্ত্রী 'টিম ওয়ার্ক' এর মাধ্যমে কাজ করার জন্য সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, "বিগত সময়ের কিছু ঘটনার জন্য অনেকেই দ্বিধাগ্রস্ত। তারা মনে করেন, কাজ করলেই বিপদ আসতে পারে। তাই কাজ না করাই ভালো।"
সরকারি কর্মকর্তাদের আশ্বস্ত করে সরকার প্রধান বলেন, "যদি কোন বিপদ আসে সে দায়-দায়িত্ব নিতে আমরা কুণ্ঠাবোধ করবো না।"
সা
bdnews24