২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়িটি ছেড়ে দিলে হিরো, না ছাড়লে জিরো: খালেদাকে নাসিম

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে জনগণের স্বার্থে ঢাকা সেনানিবাসের বাড়িটি ছেড়ে দেওয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। বঙ্গবন্ধু এভিনিউয়ে রোববার বিকেলে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাসিম এ আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2009, 06:42 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে জনগণের স্বার্থে ঢাকা সেনানিবাসের বাড়িটি ছেড়ে দেওয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। বঙ্গবন্ধু এভিনিউয়ে রোববার বিকেলে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাসিম এ আহ্বান জানান। ১/১১ এর পর পর এই প্রথম কোনো প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচীতে যোগ দিলেন দুর্নীতির দায়ে দুটি মামলায় দণ্ড পাওয়া সাবেক মন্ত্রী নাসিম। বিএনপি চেয়ারপার্সনের উদ্দেশে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এই সদস্য বলেন, "জনগণের স্বার্থে আপনি সেনানিবাসের বাড়িটি ছেড়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। ১৯৯৬ সালে আমি পূর্তমন্ত্রী থাকাকালীন আপনাকে ওই বাড়িটি ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলাম। আপনি তা শোনেননি। "এখন শেখ হাসিনাকে সহযোগিতার জন্য একহাত বাড়িয়ে দিন, মানুষ আপনাকে ধন্যবাদ দেবে। আর শেখ হাসিনা তার দুহাত বাড়িয়ে দেবেন। বাড়িটি ছেড়ে দিন, আপনি হিরো হয়ে যাবেন। না ছাড়লে ধীরে ধীরে জিরো হয়ে যাবেন।" দুবছর তার 'প্রহসনের বিচার' হয়েছে মন্তব্য করে নাসিম বলেন, "দুদক নামের দোজখ আমার ওপর অত্যাচার নির্যাতন করেছে। তারপরও আমাকে দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে একটি কথাও বলাতে পারেনি।" খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, "আপনি একজন জাতীয় নেত্রী। তারপরও কেন একটি বাড়ি নিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন? ২০০১ সালে আওয়ামী লীগ মন্ত্রীসভা শেখ হাসিনাকে গণভবন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেয়। খালেদা জিয়ার সরকার তা বাতিল করে। শেখ হাসিনা তারপর একদিনের জন্যও ওই বাড়িতে থাকেননি। এমনকি শেখ রেহানাকে ধানমন্ডিতে বরাদ্দ দেওয়া বাড়িটিও আপনি বাতিল করে থানা উদ্বোধন করেছেন। এটাই আপনার মানসিকতা।" গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেন, "ওই বাড়িতে থেকে খালেদা জিয়া দীর্ঘ ২৭ বছর সরকারি টাকায় তার দুই সন্তানকে মানুষ করেছেন। কেমন মানুষ করেছেন জাতি তা জানতে চায়।" তিনি বলেন, "আপনার এক সন্তান খাম্বা নামে এক বিশ্ববিদ্যালয় থেকে দুর্নীতি নামে এক ডিগ্রি এনে দেশকে পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে। আর সাবেক প্রধানমন্ত্রী ওই বাড়িতে অবৈধভাবে থেকে শুধু ইজারার শর্তই লংঘন করেননি । এ নিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির হুমকি দিচ্ছেন। তিনি ২৯ মিন্টো রোডের বিরোধী দলীয় নেতার বাড়িতে থাকেন না। গুলশানের বাড়ি ভাড়া দিয়েছেন।" প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, "আমার বিশ্বাস বৃহস্পতিবারের মধ্যে খালেদা জিয়া সেনানিবাসের বাড়িটি ছেড়ে দেবেন। তিনি ওই সময়ে ছেড়ে দিলে তার বিরুদ্ধে সরকার আর কোন মামলা মোকদ্দমায় যাবেনা।" স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাসিমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক পংকজ দেবনাথসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতারা । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএনএস/এইচএ/০০৩০ঘ.