ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রমৈত্রীর জাতীয় শিক্ষা সম্মেলনে সবার জন্য একমুখী, বিজ্ঞানসম্মত, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার দাবি জানানো হলো।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্র সংগঠনটির দু'দিনব্যাপী এ শিক্ষা সম্মেলন শুরু হয়।
মূল প্রবন্ধে অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, "প্রত্যেক সরকারই বিশ্ববিদ্যালয় প্রশাসনে এমন শিক্ষকদের চায় তাদের যোগ্যতা আর ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ। তারা শিক্ষক রাজনীতিবিদ।"
তিনি বিশ্ববিদ্যালয়গুলোর এধরনের নিয়োগ বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান।
অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন আরও বলেন, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের বেহাল দশা দেখে প্রধানমন্ত্রী এর দায়িত্ব ছেড়ে দিয়েছেন। ছাত্রলীগের জন্য এটা কোনো সমাধান হতে পারে না। বর্তমান সরকারকে শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন এনে দিন বদলের কথা প্রমাণ করতে হবে।
ছাত্ররাজনীতির বর্তমান সঙ্কটের জন্য 'রাজনৈতিক দুর্বৃত্তায়নকে' দায়ী করে রাশেদ খান মেনন বলেন, "রাজনৈতিক নেতারা ছাত্রদের ধ্বংস করছেন।"
মেনন তার সময়ের সঙ্গে বর্তমান ছাত্র রাজনীতির পার্থক্য তুলে ধরে বলেন, তারা ছাত্রদের কল্যাণের জন্য ছাত্র রাজনীতি করেছিলেন আর বর্তমানে নেতাদের স্বার্থে ছাত্র রাজনীতি করা হয়।
নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, "আগে শিক্ষকরা ছিলেন ত্যাগ ও সমাজসেবকের উদাহরণ। শিক্ষার সঙ্কটসহ ১১ দফা দাবি নিয়ে এই দেশ স্বাধীন হলেও শিক্ষা এখন পণ্য।"
তিনি শিক্ষার সর্বস্তরে মৌলিক জ্ঞান অর্জন ও মুখস্ত বিদ্যা পরিহারের ওপর জোর দেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম সুজন।
এর আগে সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলন শুরু করা হয়। সোমবার এ সম্মেলন শেষ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২৩২৮ঘ.
bdnews24