ঢাকা, এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিম- মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট এক লঘুচাপের কারণে রোববার উপকূলীয় এলাকায় বেশ গরম পড়ে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার রাতে জানান, দুপুরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত তা একই এলাকায় অবস্থান করছিল। এ কারণে উপকূলে গরম অনুভূত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, খুলনা বিভাগ এবং রাজশাহী ও ঈশ্বরদী এলাকার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
রোববার রাজধানীসহ অনেক স্থানেই রোদের আঁচ ছিল চড়া। ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ৮ ডিগ্রি । এছাড়া খুলনায় সর্বোচ্চ ৩৬ দশমিক ২ এবং যশোরে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
রোববার আবহাওয়ার আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে সারাদেশে আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন এবং দমকা ঝড়ো হাওয়া অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএনএস/ডিডি/এসকে/২১৪৫ঘ.
bdnews24