ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক চিকিৎসককে প্রহার ও ভাংচুরের মামলায় গ্রেপ্তার চার 'বহিরাগত' চিকিৎসকের জামিন হয়েছে।
গ্রেপ্তারকৃত আবু ইব্রাহীম অপু, শাহনেওয়াজ বারী, আবদুল্লাহ আল মারুফ এবং তোফাজ্জল হোসেন সুমনকে শাহবাগ থানার পুলিশ রোববার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে।
এ সময় তাদের পক্ষে জামিন চাওয়া হলে শুনানি শেষে মহানগর হাকিম রাশেদ কবির প্রত্যেককে পাঁচ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
গত শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইউরোলজি বিভাগের কর্মী ড্যাব নেতা ডা. নজরুল ইসলামকে মারধর ও ভাংচুরের ঘটনায় ওয়ার্ড মাস্টার শরীফ উদ্দিন বাদি হয়ে শাহবাগ থানায় মামলা করেন।
মামলাটির তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ পরিদর্শক নাসিম উদ্দিন আদালতে পাঠানো প্রতিবেদনে বলেন, ডাক্তার নজরুলকে অভিযুক্তরা মারধর করে রক্তাক্ত জখম করেন।
পুলিশ প্রতিবেদন এবং এজাহারের কোথাও মারধর ও ভাংচুরের কারণ উল্লেখ করা হয়নি।
অভিযুক্তদের আইনজীবী এমাদাদুল হক লাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলাটির এজাহার অত্যন্ত দুর্বল। উপরন্তু অভিযোগ জামিনযোগ্য বলে অভিযুক্তরা জামিন পেয়েছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২১১৯ঘ.
bdnews24