নওগাঁ, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর বিডিআর সদর দপ্তর থেকে পালিয়ে আসা এবং পরে নওগাঁর দুটি ব্যাটালিয়ন দপ্তরে যোগ দেওয়া ৩৩ জন জওয়ানকে রোববার ভোরে ঢাকায় পাঠানো হয়েছে।
২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর সদর দপ্তরে বিদ্রোহ ও সেনা কর্মকর্তাদের হত্যা ঘটনায় তারা পালিয়ে যান। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী এদের মধ্যে ১৯ জন নওগাঁ ৪৬ রাইফেলস ব্যাটালিয়ন এবং ১৪ জন ৪৩ রাইফেলস ব্যাটালিয়ন দপ্তরে যোগ দেন।
৪৩ রাইফেলস ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক মেজর আফতাব জানান, ৩৩ জওয়ানের মধ্যে একজন নার্স রয়েছেন। তার তত্ত্বাবধানে তাদেরকে পিলখানায় পাঠানো হয় বলে তিনি জানান।
মেজর আফতাব জানান, এসব জওয়ান ঢাকার সদর দপ্তরে কর্মরত ছিলেন সে কারণে তাদের সেখানে পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে তিনি জানান।
বিডিআর জওয়ানদের বিদ্রোহে অর্ধশতাধিক সেনা কর্মকর্তা নিহত হন। এ ঘটনায় শনিবার পর্যন্ত এক হাজার ২৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০৮ ঘ.
bdnews24