ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আরেকজন চিকিৎসকের কক্ষে আশ্রয় নিয়েও রেহাই পেলেন না বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল অফিসার নজরুল ইসলাম।
'বহিরাগত' চিকিৎসকরা তাকে মারধর করেছেন বলে অভিযোগ করা হয়েছে। এসময় ভাঙচুর করা হয়েছে আশ্রয়দাতা চিকিৎসকের কক্ষও।
এ হামলায় ইউরোলজি বিভাগের কর্মকর্তা নজরুল ইসলাম গুরুতর আহত হন।
নজরুল ইসলামকে দুপুর সোয়া ২টার দিকে একই হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তার বন্ধু ও চিকিৎসক ডা. রাব্বি বলেছেন, মাথার পেছনের দিকে ও বাঁ পায়ে গুরুতর জখম হয়েছেন নজরুল। তার মাথা ন্যাড়া করে কয়েকটি সেলাই দেওয়া হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজন চিকিৎসককে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ।
এই চারজনের সবাই বহিরাগত। কেউ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন না বলে পুলিশ জানিয়েছে। বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাব এর পিজি শাখার সভাপতি সাইফুল ইসলাম অভিযোগ করেন আওয়ামী লীগ সমর্থিত তারা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সঙ্গে 'সংশ্লিষ্ট'।
এ ব্যাপারে হাসপাতালের ওয়ার্ড মাস্টার শরিফউদ্দিন বাদী হয়ে ডা. অপু ও অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তার চার চিকিৎসক হলেন ডা. অপু, ডা. সুমন, ডা. বারী ও ডা. মারুফ।
চারজনকে গ্রেপ্তার করার কথা স্বীকার করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, পূর্ব শত্র"তার জের ধরে এই ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে এর বেশি তিনি আর কিছু বলতে পারেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক ডা. নজরুল ইসলামের এক সহকর্মী জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ার সময় নজরুল ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। আর সুমন ও অপুরা ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। সেই সময়ের বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে।
ড্যাব নেতা ইউরোলজি বিভাগের মেডিকেল অফিসার সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, মারধর করা হতে পারে বলে নজরুল ইসলাম আগেই টের পেয়েছিলেন। এজন্য তিনি তার (সাইফুল ইসলাম) কক্ষে আশ্রয় নেন।
এক পর্যায়ে তিনি হামলাকারীদের বিভ্রান্ত করতে নজরুল ইসলামকে নিজ কক্ষের ভেতরে রেখে বাইরে থেকে তালা মেরে চলে যান বলে জানান সাইফুল ইসলাম।
তিনি বলেন, হামলাকারীরা এই কৌশল বুঝতে পেরে তালা ভেঙে ভেতরে ঢুকে নজরুলকে মারধর ও কক্ষ ভাঙচুর করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ জিএমএ/এলএইচ/এসআইটি/টিআর/২২৪৫ঘ.
bdnews24