ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমণ্ডি এলাকায় মোটরসাইকেল চুরির সময় এক যুবলীগ কর্মীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।
অহিদ নামের ওই যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সে নিজেকে স্থানীয় যুবলীগ কর্মী বলে পরিচয় দিয়েছে।
শুক্রবার দুপুরে ধানমণ্ডির সাতমসজিদ রোডের শংকর প্লাজার নীচে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় যুবলীগ কর্মীরা মোটরসাইকেল মালিককে থানায় মামলা করা থেকে বিরত রাখতে ভয়-ভীতি দেখায় বলে অভিযোগ করেছেন মোটর সাইকেল মালিক।
মোটরসাইকেল মালিক বাদী হয়ে অহিদকে আসামী করে ধানমণ্ডি থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেছেন।
মোটরসাইকেলটির মালিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউডার ছাত্র ও সংবাদ সংস্থা ফোকাস বাংলা নিউজ এর প্রতিবেদক এজাজুল হক মুকুল জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টার দিকে তিনি মোটরসাইকেলটি নীচে রেখে শংকর প্লাজার সাত তলায় ইউডায় ক্লাস করতে যান। ক্লাস শেষে বেলা সাড়ে ১১ টার দিকে নীচে নেমে দেখেন দুইজন চোর তার মোটরসাইকেলের তালা ভাঙার চেষ্টা করছে। ঘটনা দেখে তিনি চিৎকার করে এক যুবককে জাপটে ধরেন। ওই সময় আশপাশ থেকে ৫/৬ জন দুবৃত্ত এসে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। পরে তার চিৎকারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও স্থানীয় লোকজন এগিয়ে এলে দুবৃত্তরা পালিয়ে যায়।
ধৃত যুবক নিজেকে যুবলীগ কর্মী পরিচয় দিয়ে তাকে ছেড়ে দিতে বলে। অন্যথায় পরিণতি ভালো হবে না বলে হুমকি দেয়। এতে লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
রাতে মুকুলের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে।
মুকুল অভিযোগ করেন, ঘটনার পর তিনি থানায় মামলা করতে গেলে স্থানীয় কয়েকজন যুবক নিজেদের যুবলীগ কর্মী পরিচয় দিয়ে ধানমন্ডি থানার সামনে তাকে বাধা দেয়। মামলা করলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হবে বলেও হুমকি দেয় তারা।
ঘটনার প্রত্যক্ষদর্শী একজন জানান, থানার সামনে নিজেকে ৪৭ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক পরিচয় দিয়ে জনৈক আতাউর রহমান মন্টু তাদের মামলা করতে বাধা দেন। তিনি উত্তেজিত হয়ে বলেন, "স্থানীয় ছেলেরা ভুল করেছে। আমরা বিষয়টি স্থানীয়ভাবেই মীমাংসা করে দেব।"
থানায় মামলা করলে মুকুলকে ইউডা থেকে বহিষ্কার করা হবে এবং ভবিষ্যতে তার সমস্যা হবে বলেও হুমকি দেন মন্টু।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম খান জানান, এঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। তার নাম অহিদ। বাকি দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আটক যুবকের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, "ছিনতাইকারীর আবার রাজনৈতিক পরিচয় কি ! এর কোনও রাজনৈতিক পরিচয় নেই।"
মুকুল ইউডার কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শেষ সেমিস্টারের ছাত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/০০২০ঘ.
bdnews24