যশোর, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরের শার্শা উপজেলার বেনাপোলের সাদিপুরে পাঁচুয়ার বাওড়ে বৃহস্পতিবার রাতে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে।
এ ঘটনার জন্য বাওড় দখলকারীদের দায়ী করেছে সাদিপুর পাঁচুয়া বাওড় মৎস্যজীবী সমবায় সমিতি। এর প্রতিবাদে জেলে পরিবারের সদস্যরা এলাকায় ঝাটা মিছিল করেছে। তারা মাছ নিধনের সঙ্গে জড়িতদের আটকের দাবি জানায়।
এ ঘটনায় শুক্রবার সমিতির সাধারণ সম্পাদক সন্তোষ মণ্ডল বেনাপোল বন্দর থানায় একটি মামলা করেছেন।
বেনাপোল বন্দর থানার উপ-পরিদর্শক ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোহরাব গাজী নামে এক ব্যক্তি বিষ ঢেলে মাছ নিধনের কথা স্বীকার করেছেন।"
ওই ব্যক্তিকে কেন আটক করা হয়নি সে ব্যাপারে তিনি কথা বলতে রাজি হননি।
মৎসজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সন্তোষ অভিযোগ করেন, প্রায় দু'বছর ধরে স্থানীয় একটি প্রভাবশালী মহল বাওড়টি দখল করে আছে। এ ঘটনায় আদালতে মামলাও হয়েছে।
মহাজোট সরকার গঠনের পর শার্শার সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন উভয়পক্ষকে ডেকে বিষয়টি মীমাংসা করে দেন। দখলকারীরা বৈঠকের সিদ্ধান্ত মেনে নিয়ে বাওড়ের দখল ছেড়ে দিতে রাজি হয়।
সে অনুযায়ী কয়দিন পর বাওড়ের দখল জেলে পরিবারকে বুঝিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু গত বৃহস্পতিবার রাতে দখলদাররা বাওড়ে বিষ ঢেলে ২০ লক্ষাধিক টাকার মাছ নিধন করে বলে সন্তোষ অভিযোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৩ ঘ.
bdnews24