ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অগ্নিকাণ্ডে রাজধানীর ফার্মগেটের সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স'র একটি দোকান পুড়ে গেছে।
শুক্রবার দুপুর দেড়টার দিকে শপিং কমপ্লেক্স'র চার তলার একটি জুয়েলারি দোকানে শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর দেড়টার দিকে ফার্মগেট মোড়ের সেজান পয়েন্ট মার্কেটের চারতলার একটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে মোহাম্মদপুর, তেজগাঁও ও সদরদপ্তর থেকে দমকল বাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১০-১৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি জানান, আগুনে দোকানটি পুড়ে গেলেও মার্কেটের আর কোথাও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওই মার্কেটের বিক্রয়কর্মী ফরিদ জানান, চার তলার ওই দোকানটি শুক্রবার উদ্বোধনের কথা ছিল। সেজন্য সেখানে সবাই কাজ করছিল। সেখানেই একটি ইলেকট্রিক মোটর থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/কিউএইচ/এইচএ/১৬২৪ঘ.
bdnews24