ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিজ্ঞান কলেজের ছাত্র আহসানুল নূর জিসান হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি পুলিশ। তবে তার বন্ধুদের মধ্যে কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।
বুধবার রাতে মালিবাগের ঢাকা বিজ্ঞান কলেজের (বেসরকারি) ছাদ থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্র জিসানের লাশ উদ্ধার করে পুলিশ। তার মাথা ইটের আঘাতে থেতলানো ছিল।
এ ঘটনায় জিসানের বাবা র্যাব-৪ এর সার্জেন্ট এএইচএস নুরুল হুদা বাদি হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামী করে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপ-পরিদর্শক শফি জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় জিসানের পরিবারের পক্ষ থেকে সন্দেহভাজন কারও বিরুদ্ধে অভিযোগ করা হয়নি।
কলেজের শিক্ষকরা পুলিশকে জানিয়েছেন, বন্ধুদের অভ্যন্তরীণ কোন্দলের জের হিসেবে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
নিহত জিসানের বাবা নুরুল হুদা জানান, বুধবার সকালে পড়তে (টিউশন) যাওয়ার জন্য জিসান প্রতিদিনের মতো ৮/২ নং শান্তিনগরের বাসা থেকে বের হয়। বাসা থেকে বের হওয়ার সময় দুপুরে ফিরবে না বলে তার মাকে জানিয়ে যায়। বিকেলে তার অন্য এক শিক্ষকের বাসায় পড়তে যাওয়ার কথা থাকলেও সেখানে সে যায়নি। রাতে পুলিশের কাছে বিজ্ঞান কলেজের ছাদ থেকে জিসানের লাশ উদ্ধারের খবর পান তিনি।
কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক জানান, ২০০৮ সালের আগষ্টে বিজ্ঞান কলেজে ভর্তি হয় জিসান। কলেজে জিসান ছিল অনিয়মিত। এর আগে ভাংচুরের একটি মামলায় তাকে বহিষ্কার করা হয়।
ময়না তদন্ত শেষে জিসানের লাশ বৃহস্পতিবার তার গ্রামের বাড়ি নোয়াখালীতে নিয়ে যাওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/০০৪০ঘ.
bdnews24