ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ দেওয়ার নামে অভিনব প্রতারণার মাধ্যমে শতাধিক ছাত্রীর মোবাইল ফোনসেট হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ইয়াসমিন আক্তার হ্যাপিকে বৃহস্পতিবার এক দিনের রিমাণ্ডে নেওয়া হয়েছে।
হ্যাপি মিরপুর বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক এমরানুল কবির বৃহস্পতিবার বিকেলে হ্যাপিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে তিন দিনের রিমাণ্ড আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম রাশেদ কবির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে জমা দেওয়া পুলিশ প্রতিবেদনে বলা হয়, হ্যাপি তার সহযোগী রাসেল মাহমুদকে নিয়ে বেকার তরুণীদের ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ দেওয়ার কথা বলে কয়েকটি কলেজের দেয়ালে বিজ্ঞাপণ দেয়। আগ্রহীদের বুধবার পান্থপথের আশিয়ানা রেস্টুরেন্টে হাজির হতে বলা হয়। সেখানে উপস্থিত সবাইকে যাতায়াত ভাতাসহ সম্মানী দেওয়া হবে বলেও প্রলোভন দেখানো হয়।
বিজ্ঞাপন দেখে শতাধিক কলেজ ছাত্রী বুধবার দুপুরে আশিয়ানা রেস্টুরেন্টে যায়। সেখানে বিদেশী অতিথিদের নিরাপত্তার অজুহাত দেখিয়ে সবার মোবাইল ফোনসেট একটি ব্যাগে ঢুকিয়ে রাসেল কৌশলে সেখান থেকে সটকে পড়ে। কিন্তুবিক্ষুব্ধ ছাত্রীরা হ্যাপিকে আটকে রাখে।
পরে পুলিশ সেখান থেকে তাকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এইচএ/২৩২০ঘ.
bdnews24