২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গঙ্গা ব্যারেজের সমীক্ষা ও নকশা শিগগিরই শুরু হচ্ছে

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির অনুমোদন পাওয়ায় শিগগিরই শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত গঙ্গা ব্যারেজ প্রকল্পের সমীক্ষা ও নকশা প্রণয়নের কাজ। অস্ট্রেলিয়া, চীন ও পাকিস্তানের কয়েকটি সংস্থার সহায়তায় বাংলাদেশী প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্টস (ডিডিসি) এ কাজটি পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2009, 05:09 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির অনুমোদন পাওয়ায় শিগগিরই শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত গঙ্গা ব্যারেজ প্রকল্পের সমীক্ষা ও নকশা প্রণয়নের কাজ। অস্ট্রেলিয়া, চীন ও পাকিস্তানের কয়েকটি সংস্থার সহায়তায় বাংলাদেশী প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্টস (ডিডিসি) এ কাজটি পেয়েছে। আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে চলতি মাসেই ওই প্রতিষ্ঠানটিকে চূড়ান্ত সমীক্ষা ও নকশা প্রণয়নের কাজ শুরুর অনুমতি দেওয়া হতে পারে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন ও সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান। সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তারা সাংবাদিকদের একথা জানান। মন্ত্রী জানান, নির্বাচনী প্রতিশ্র"তি অনুযায়ী সরকার শিগগিরই গঙ্গা ব্যারেজ নির্মাণ প্রকল্পের সমীক্ষা ও নকশা প্রণয়নের কাজ শুরু করার আদেশ দেবে। এ প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের এক-তৃতীয়াংশ মানুষের অর্থাৎ প্রায় ৩৭ শতাংশ মানুষের জন্য অতিরিক্ত খাদ্য উৎপাদন সম্ভব হবে। একইসঙ্গে শুষ্ক মৌসুমে দেশের বিভিন্ন এলাকায় পানি সংকটের সমাধান হবে। রমেশ চন্দ্র সেন বলেন, এ প্রকল্পের ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারিপুর, বরিশাল, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি ও বরগুনায় সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচন সম্ভব হবে। সেইসঙ্গে দেশের ৫৪টি নদীর মধ্যে নাব্যতা হারানো ৩৫টি নদীর নাব্যতা ফিরিয়ে আনা সম্ভব হবে। যা দেশের গঙ্গা-নির্ভর এলাকার মানুষের জীবিকা, লবণক্ততা হ্রাস, সুন্দরবনের জীব-বৈচিত্র রক্ষা এবং মৎস্য সম্পদের সংরক্ষণ ও প্রসারে কার্যকর ভূমিকা রাখবে। এতে ওই এলাকার প্রায় ৮০ হাজার একর জমিতে চাষ করা সম্ভব হবে। সচিব শেখ ওয়াহিদ উজ জামান জানান, চূড়ান্ত সমীক্ষা ও নকশা প্রণয়নে অনুমোদিত প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৩৪ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার টাকা। এর মধ্যে প্রকল্পের জন্য ব্যয় হবে ২৯ কোটি ৯৯ লাখ ১৪ হাজার টাকা ও ভ্যাটসহ অন্য খাতে ব্যয় হবে চার কোটি ৩৪ লাখ ৯৫ হাজার টাকা। দুটি পর্যায়ে এ কাজ শেষ করতে মোট সময় লাগতে পারে প্রায় চার বছর। তবে এর চেয়ে কম সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করা হবে বলে জানান তিনি। কতদিনের মধ্যে গঙ্গা ব্যারেজ নির্মাণকাজ শুরু ও শেষ হবে জানতে চাইলে মন্ত্রী রমেশ চন্দ্র সেন জানান, সমীক্ষা ও নকশা প্রণয়ন কাজ শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব সরকার কাজ শুরু করবে। তবে শেষ হতে ২০ থেকে ২৫ বছর সময়ও লাগতে পারে। যেমন তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ ১৯৮৩ সালে শুরু হলেও এর কাজ শেষ করতে এ বছরও ১৮৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে সরকার দ্রুত কাজ শেষ করার চেষ্টা করবে। গঙ্গা ব্যারেজের জন্য অর্থের যোগান কোত্থেকে আসবে - এ প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকভাবে সরকার নিজস্ব অর্থ দিয়েই এর কাজ শুরু করবে। তবে প্রায় ১০ থেকে ১৫ হাজার কোটি টাকার এ প্রকল্পের অর্থায়ন সরকারের পক্ষ সম্ভব নয়। তাই প্রয়োজনে দাতাদের সহায়তা চাওয়া হতে পারে বলে জানালেন পানি সম্পদ মন্ত্রী। এ প্রকল্পের সঙ্গে জলবিদ্যুৎ উৎপাদনের কোন প্রকল্প থাকবে কিনা, থাকলে তা থেকে কী পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এটি এখনই বলা যাবে না। তিনি নেপালের প্রসঙ্গ টেনে বলেন, সেদেশে জলবিদ্যুৎ প্রকল্পের যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে প্রায় ৮৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। বাংলাদেশের এ প্রকল্পের সমীক্ষা শেষেই নিশ্চিত করে বলা যাবে, কী পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২৩০০ঘ.