কুষ্টিয়া, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর গ্রামে বৃহস্পতিবার বিকেলে সন্ত্রাসীদের অতর্কিতে গুলি ও বোমা হামলায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামারুল আরেফিন (৪৫) আহত হয়েছেন।
তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার জানান, পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে 'চরমপন্থী' কোনো দলের সদস্যরা এ হামলা করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে কামারুল আরেফিন সদরপুর বাজারের একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিনজন সশস্ত্র সন্ত্রাসী ওই দোকানের সামনে গিয়ে কামারুলকে লক্ষ্য করে গুলি করে। এরপর তারা একটি বোমা ফাটায়।
এ সময় এলাকাবাসী সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা আরও তিনটি বোমা ফাটিয়ে দ্রুত পালিয়ে যায়।
কামারুলের পায়ে গুলি লেগেছে এবং বোমায় তার শরীর ঝলসে গেছে। এলাকাবাসী আহত কামারুলকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৫ ঘ.
bdnews24