সুনামগঞ্জ, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার একটি আবাসিক হোটেল থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় ভালনারেবল গ্র"প ফিডিং (ভিজিএফ) কর্মসূচির ১৪০ বস্তা চাল আটক করেছে পুলিশ।
সন্ধ্যা ৭ টার দিকে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ লঞ্চ ঘাট এলাকার মঙ্গলকাটা আবাসিক হোটেল থেকে এ চাল আটক করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। কারা এসব চাল হোটেলে মজুদ করেছে সে ব্যাপারে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা কিছু জানাননি।
সুনামগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাদি জানান, সুনামগঞ্জের সুরমা ইউনিয়নের ভিজিএফ'র ১৪০ বস্তা চাল বুধবার রাতে সুনামগঞ্জ শহরের লঞ্চ ঘাটের একটি হোটেলে এনে রাখা হয়েছে বলে বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ আসে।
ইউএনও শহিদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ আবাসিক হোটেলটিতে অভিযান চালিয়ে চাল আটক করে। তবে তিনি অভিযোগকারীর নাম জানাতে অপারগতা প্রকাশ করেন।
এ ব্যাপারে সুরমা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়াম্যান আব্দুল হাই জানান, চাল আটকের ব্যাপারে তিনি কিছু জানেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৭ ঘ.
bdnews24