ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের উপ-সচিব পর্যায়ের ১০টি পদে বৃহস্পতিবার রদবদল হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় বৃহস্পতিবার এসব রদবদলের আদেশ জারি করে।
এছাড়া শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) পদে বদলির আদেশাধীন লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ফয়জুর রহমানের বদলির আদেশ বাতিল করে ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত সচিব নাসিরুজ্জামানকে ওই পদে নিয়োগের আদেশ জারি করা হয়েছে।
বুধবার শেরপুরের জেলা প্রশাসককে প্রত্যাহার করে ফয়জুর রহমানকে নিয়োগের আদেশ জারি করা হয়।
উপ-সচিবদের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের গোলাম মোহাম্মদ জহিরুল আলমকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক আনন্দ চন্দ্র বিশ্বাসকে ক্রীড়া পরিদপ্তরের পরিচালক, ক্রীড়া পরিদপ্তরের পরিচালক আসাদুজ্জামানকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক, লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক শেখ আলাউদ্দিনকে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রকল্পের উপ-পরিচালক, রাজশাহী সিটি করপোরেশনের (আরসিসি) সচিব ইমদাদুল হককে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এবং জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম-সচিব পদে বদলির আদেশাধীন মোহাম্মদ ইসমাইলকে মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
ওএসডি উপ-সচিব আব্দুর রউফকে ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব পদে পদায়ন এবং রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক রফিকুল ইসলামকে পরিকল্পনা বিভাগে ও পরিকল্পনা বিভাগের উপ-সচিব কামরুন নাহার খানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফজলুর রহমানকে একই পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব ইমদাদুল হককে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২১২০ঘ.
bdnews24