ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির তলবে সাড়া দেবেন না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক সচিব ও বর্তমান ভূমি সচিব মো. দেলোয়ার হোসেন।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয়ের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, "দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সচিব হিসেবে আমাকে ডাকা নিয়মবর্হিভূত। তাই আমি সরকারি প্রতিষ্ঠান বৈঠকে যোগদানের অপরগতা প্রকাশ করেছি।"
আগামী ১২ এপ্রিল কমিটির বৈঠকে সাক্ষী হিসেবে যোগদান করতে তাকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
নিজের অফিস কক্ষের বাইরে হাঁটতে হাঁটতে দেলোয়ার হোসেন বলেন, "ভূমি সচিব অথবা কৃষি সচিব হিসেবে আমাকে ডাকতে পারে এবং আমি যেতে পারি। কিন্তু দুদকের সচিব হিসেবে যেতে পারি না।"
তিনি বলেন, "দুদক কেবল রাষ্ট্রপতির কাছে যেতে পারে। কিন্তু সরকারি প্রতিষ্ঠান কমিটির মতো একটি কমিটির বৈঠকে দুদকের সচিব হিসেবে সাক্ষী দিতে ডাকা দুদকের স্বাধীনতার উপর হস্তক্ষেপের নামান্তর। এ ধরনের ঘটনা ঘটলে স্বাধীন দুর্নীতি কমিশনের নিরপেক্ষতা বিপন্ন হবে এবং জনস্বার্থ নষ্ট হবে।"
২০০৬ সালের ১৪ ডিসেম্বর হতে ২০০৭ সালে ২৮ জুন পর্যন্ত তিনি দুদকের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এফএফ/জিএনএ/১৫৩২ ঘ.
bdnews24