২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিগত কয়েক বছরে গোয়েন্দা সংস্থাগুলো তেমন সফল হয়নি: তথ্যমন্ত্রী

অতীতের বিভিন্ন সন্ত্রাসী ঘটনার রহস্য উদঘাটনে গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতার কথা স্বীকার করেছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। বুধবার বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) আয়োজিত 'বাংলাদেশে সন্ত্রাসবাদ দমনে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক এক আলোচনা সভায় মন্ত্রী বলেন, গণমাধ্যমসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় সন্ত্রাসবাদ সমূলে উৎপাটন সম্ভব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2009, 07:18 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতীতের বিভিন্ন সন্ত্রাসী ঘটনার রহস্য উদঘাটনে গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতার কথা স্বীকার করেছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। বুধবার বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) আয়োজিত 'বাংলাদেশে সন্ত্রাসবাদ দমনে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক এক আলোচনা সভায় মন্ত্রী বলেন, গণমাধ্যমসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় সন্ত্রাসবাদ সমূলে উৎপাটন সম্ভব। আবুল কালাম আজাদ বলেন, "গণমাধ্যমের অসতর্কতা সন্ত্রাসবাদের বিস্তার ও ইন্ধনে প্রভাবকের ভূমিকা রাখতে পারে।" তিনি বলেন, বিগত কয়েক বছরে উদীচী হামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ বিভিন্ন ঘটনা উদঘাটনে জাতীয় গোয়েন্দা সংস্থাগুলো তেমন সফল হতে পারেনি। বিইআই সভাপতি ফারুক সোবহানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডেইলি ইন্ডিপেন্ডেন্ট এর সম্পাদক মাহবুবুল আলম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রচারণাকে সন্ত্রাসবাদের 'অক্সিজেন' হিসেবে চিহ্নিত করে মাহবুবুল আলম বলেন, " কোন কোন ক্ষেত্রে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সন্ত্রাসবাদের ওপর অনুসন্ধানী প্রতিবেদন পরোক্ষভাবে তাদের ঘৃণ্য কর্মকাণ্ডকে ইন্ধন জুগিয়ে থাকে। তাদের এই নেটওয়ার্ক আশঙ্কাজনক হারে বেড়েই চলছে। তাই এই বিষয়টির দিকে সরকারের নজর দেওয়া উচিত।" মতিউর রহমান বলেন, "সন্ত্রাসবাদ শুধু বাংলাদেশের জন্য নয় সারা বিশ্বের জন্যই সমস্যা হয়ে দাঁড়িয়েছে।" গত কয়েক দশকে বাংলাদেশে বিভিন্ন সন্ত্রাসী হামলার ঘটনায় সরকারের উদাসীনতার প্রতি জোর দিয়ে তিনি আরও বলেন, "সন্ত্রাসবাদ দমনে সরকারকে নিজেদের সমস্যার সমাধানের পাশাপাশি বিরোধী দলকে সঙ্গে নিয়ে সর্বশক্তি দিয়ে কাজ করতে হবে।" বিইআই সভাপতি ফারুক সোবহান সন্ত্রাসবাদ দমনে গণমাধ্যমের নিরপেক্ষ ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, "পাকিস্তান ও আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি বাংলাদেশের জন্য একটি সতর্কবার্তা। বাংলাদেশের মানুষ এখানে এমন পরিস্থিতি দেখতে চায় না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/০১১৭ঘ.