ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হত্যা ও অগ্নিসংযোগের অভিযোগে বুধবার নেত্রকোনা, ফরিদপুর ও রাজশাহীতে ১৫ 'রাজাকারের' বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
এর মধ্যে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় নেত্রকোনার আদালতে। তিনজনের বিরুদ্ধে ফরিদপুরের একটি আদালতে। আর আটজনের বিরুদ্ধে পৃথক দু'টি মামলা দায়ের করা হয়েছে রাজশাহীর দু'টি আদালতে।
নেত্রকোনা থেকে আমাদের প্রতিনিধি জানান, নেত্রকোনার বিচারিক হাকিম আ ন ম ইলিয়াস-এর আদালতে মামলাটি দায়ের করেন কলমাকান্দার বেতুয়া গ্রামের শামসুল হক নামের এক ব্যক্তি।
বিচারক মামলাটি আমলে নিয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন উপজেলার বেতুয়া গ্রামের রুহুল আমিন (৭২), মজিবুর রহমান (৬৮), বিল্লাল হোসেন (৬৫) ও ওসমান গনি (৬০)।
মামলার এজাহারে তাদের সবাইকে 'রাজাকার' বলে উল্লেখ করা হয়। এছাড়া আসামিরা স্থানীয় জামায়াত নেতা বলেও দাবি করেন বাদী।
মামলার বিবরণে বলা হয়, মুক্তিযোদ্ধাদের সহায়তা করায় ১৯৭১ সালের ৮ সেপ্টেম্বর আসামিরা পাকিস্তানী দখলদার বাহিনীর কয়েকজন সদস্যসহ বেতুয়া গ্রামে বাদীর বাড়িতে এসে তার বাবা শমসের আলী ও সম্বন্ধী হাড়িগাতী গ্রামের আব্দুল কাদিরকে ধরে নিয়ে যায়। এ সময় তারা বাদীর ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।
পরে শমসের আলী কৌশলে পালিয়ে আসতে পারলেও আব্দুল কাদিরকে আর পাওয়া যায়নি। তাকে আসামিরা হত্যা করেন বলে এজাহারে অভিযোগ করা হয়।
কমলাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ জানান, তারা মামলার নথি এখনও পাননি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
ফরিদপুর থেকে আমাদের প্রতিনিধি জানান, কথিত তিন রাজাকারের বিরুদ্ধে ফরিদপুরের বিচারিক হাকিম আল আমীন মাতুব্বরের আদালতে মামলাটি দায়ের করেন বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের চণ্ডীবিল গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা রহমত আলীর ছেলে মো. তোরাপ হোসেন।
আদালত বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি গ্রহণ করার নির্দেশ দিয়েছে।
আসামিরা হলেন মধুখালী উপজেলার (সাবেক বোয়ালমারী) নওয়াপাড়া গ্রামে মুন্সী আব্দুর রাজ্জাক (৫৯), জামির উদ্দিন শেখ (৬২) ও আব্দুল মালেক মোল্লা (৬৩)।
মামলার এজাহারে তাদের 'রাজাকার' বলে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, ১৯৭১ সালে (১৩৭৭ বঙ্গাব্দের ২৬ ভাদ্র রাত ৯টার সময়) মুক্তিযুদ্ধের সময় এই তিন আসামিসহ অজ্ঞাত পরিচয়ের আরো ৭/৮ জন রাইফেল নিয়ে বাদীর বাড়িতে এসে তার বাবা রহমত আলীকে পিছমোড়া করে বেঁধে পাশের পুকুর পাড়ে নিয়ে যায়। সেখানে আসামি রাজ্জাক তাকে রাইফেল দিয়ে গুলি করে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরেশ কর্মকার জানান, আদালতের নির্দেশ তিনি এখনো পাননি। আদেশ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী প্রতিনিধি জানান, মুক্তিযুদ্ধের সময় চারঘাট উপজেলার কালুহাটি গ্রামে মুক্তিযোদ্ধা রওশন আলীকে হত্যার অভিযোগে প্রধান বিচারিক হাকিম আবু মোহাম্মদ আমিমুল এহসানের আদালতে একটি মামলা এবং অন্যটি দায়ের করা হয় মুখ্য মহানগর হাকিম শরিফুল ইসলাম-এর আদালতে। এতে বিনোদপুরের মুক্তিযোদ্ধা জসিমউদ্দিন খলিফাকে হত্যার অভিযোগ আনা হয়।
উভয় মামলা আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেয় সংশ্লিষ্ট আদালত।
মামলা দু'টিতে আট 'রাজাকার'কে আসামি করা হয়েছে।
একটি মামলার এজাহারে বলা হয়, ১৯৭১ সালের ১৯ মে চারঘাট উপজেলার কালুহাটি গ্রামে মুক্তিযোদ্ধা রওশন আলীকে আসামিরা ধরে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোন সন্ধান পাওয়া যায়নি। মামলায় মফিজ উদ্দিন, সিদ্দিকুর রহমান, খেতাব উদ্দিন, খবির উদ্দিন, চয়েন উদ্দিন ও শাহিনুর রহমানকে আসামি করা হয়।
রওশন আলীর ছেলে গোলাম হোসেন মামলাটি দায়ের করেন।
এছাড়া ১৯৭১ সালের ১ নভেম্বর নগরীর বিনোদপুর এলাকার মুক্তিযোদ্ধা জসিমউদ্দিন খলিফাকে হত্যার অভিযোগে অন্য মামলাটি দায়ের করেন তার ছেলে আবদুল মান্নান খলিফা।
মামলায় বিনোদপুর এলাকার 'রাজাকার' আবুল হোসেন ও শামসুল হককে আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়, ঘটনার দিন বাদীর বাবা জসিম উদ্দিন খলিফাকে আসামিরাসহ অজ্ঞাত পরিচয়ের আরও ১০/১৫ 'রাজাকার' বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বজলুর রশিদ জানান, আদালতের নথি থানায় পৌঁছেনি। এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, তিনি আদালতে মামলা করার কথা শুনেছেন। আদালতের আদেশ হাতে এলে ব্যবস্থা নেওয়া হবে।
এ নিয়ে যুদ্ধাপরাধের অভিযোগে রাজশাহীতে ছয়টি মামলা দায়ের করা হলো। এর মধ্যে মোহনপুর উপজেলার দু'টি, বাগমারার একটি, চারঘাটের দু'টি এবং নগরীতে একটি।
এর মধ্যে মোহনপুরের একটি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২৩৫০ ঘ.
bdnews24