ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি বাসার বরাদ্দ পেতে এখন থেকে সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের সরাসরি মন্ত্রণালয়ে আবেদন করতে হবে না। সরকারি আবাসন পরিদপ্তরের ওয়েব সাইট থেকে অনলাইনে আবেদন করা যাবে। আর আবেদনের সাত থেকে ১৪ দিনের মধ্যেই 'বাসা বরাদ্দ পাবেন কি-না' তার উত্তরও পেয়ে যাবেন তারা।
সরকারি আবাসন পরিদপ্তরের অটোমেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানানো হয়।
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান মঙ্গলবার তার কার্যালয়ে ওই ওয়েব সাইটের উদ্বোধন করেন। এ সময় সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ ও পূর্ত মন্ত্রণালয়ের বিদায়ী সচিব ড. নাসির উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।
সরকারি আবাসন পরিদপ্তরের ওয়েবসাইটটি হলো- www.doga.gov.bd।
সরকারি আবাসন পরিদপ্তরের কর্মকর্তা শওকত নবী সাংবাদিকদের জানান, বর্তমানে সারাদেশে প্রায় ১০ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন। অথচ সরকারের আবাসনের ব্যবস্থা রয়েছে মাত্র ২৪ হাজার। যা মোট চাহিদার মাত্র দুই দশমিক ৫০ শতাংশ।
এ অবস্থায় বাসা সংক্রান্ত যাবতীয় তথ্যই পরিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া থাকবে। কোন বাসা খালি থাকলে আবেদনের ভিত্তিতে তা সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর জন্য বরাদ্দ দেওয়া হবে। এক্ষেত্রে অনলাইনে আবেদনের সাত থেকে ১৪ দিনের মধ্যেই আবেদন নিষ্পত্তি করে তা আবেদনকারীকে অবহিত করা হবে। প্রতি ছয়মাস অন্তর বাসার বিষয়টি পর্যালোচনা করা হবে। এতে কোন কর্মকর্তা অবসরে গেলে, ছয় মাস পর্যন্ত তিনি ওই বাসায় থাকার সুযোগ পাবেন।
প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আবাসন পরিদপ্তরের এ উদ্যোগকে স্বাগত জানালেও তার মন্ত্রণালয়ের অধীনে থাকা ১১টি সংস্থার কার্যক্রমে অনিয়মের ব্যাপারে তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, "পূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাগুলো দুর্নীতি ও অনিয়মে ভরা। এ বিষয়টি সারাদেশের মানুষ জানে। তাই মানুষ এসব প্রতিষ্ঠানে সহজে আসতে চায়না। এসব প্রতিষ্ঠানে কর্মরত দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের তারা ঘৃণা করেন। এ অবস্থা চলতে দেওয়া যায় না। এ ব্যাপারে সরকার কঠোর ব্যবস্থা নেবে।"
রাজউকে শ্রমিক লীগের দুই গ্র"পের সংঘর্ষ ও কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, "এভাবে কোন সরকারি প্রতিষ্ঠান চলতে পারেনা। যে প্রতিষ্ঠানে কর্মকর্তা ও কর্মচারীরা একসঙ্গে কাজ করতে পারে না, নিম্নপদের কর্মীদের হাতে ঊর্ধ্বতন কর্মকর্তারা লাঞ্ছিত হন- সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।"
বিভিন্ন সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তনে সরকারি উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, "বিগত চারদলীয় জোট সরকার নাম পরিবর্তনের যে সংস্কৃতি চালু করেছে, তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সংকীর্ণতা পরিহার করে আমাদের দেশের জন্য কাজ করতে হবে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরও দলীয় আনুগত্যের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এইচএ/০০৫০ঘ.
bdnews24