জজ মিয়াকে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডির তদন্তকারী কর্মকর্তা
তিন সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা ভিন্নখাতে নেওয়ার মামলায় বহুল আলোচিত জজ মিয়াকে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডির তদন্তকারী কর্মকর্তা।
মঙ্গলবার কাশিমপুর কারাগারের ভেতরে জজমিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া কারাগারের বাইরে তার মা ও ভাইকেও জিজ্ঞাসাবাদ করে সিআইডি।
২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় জজ মিয়াকে গ্রেপ্তার করে আদালতে মিথ্যা ও সাজানো সাক্ষ্য দেওয়ানো এবং মামলার তথ্য গোপনের অভিযোগে সিআইডির তিন কর্মকর্তার (গ্রেনেড হামলা মামলার তদন্ত কর্মকর্তা) বিরুদ্ধে মামলা দায়ের করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারি সুপারিনটেনডেন্ট ফজলুল কবীর।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী সুপারিনটেনডেন্ট রওনকুল হক চৌধুরী তাদের জিজ্ঞাসাবাদ করেন।
মঙ্গলবার সন্ধ্যায় রওনকুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২ টা থেকে ৩টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জজ মিয়াকে কারাগারের ভেতরে জিজ্ঞাসাবাদ করা হয়। তার মা জোবায়দা বেগম এবং ছোট ভাই বাবুলকে কারাগারের বাইরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঢাকার মূখ্য মহানগর হাকিমের অনুমতি নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে তিনি জানান।
সূত্রাপুর থানায় দায়ের করা একটি বোমা হামলার মামলায় সাজাপ্রাপ্ত হয়ে এখন কাশিমপুর কারাগারে রয়েছেন জজমিয়া।
২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় ২০০৬ সালের জুন মাসে জজ মিয়াকে গ্রেপ্তার করেন সিআইডির তৎকালীন তদন্ত কর্মকর্তারা। পরে এ ঘটনার সঙ্গে তার কোনও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। মামলার অভিযোগপত্র থেকেও তার নাম বাদ দেওয়া হয়।
চারদলীয় জোটের সময় কর্তৃপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে জজ মিয়াকে এ মামলার আসামী করে বলে অভিযোগ রয়েছে।
মামলায় অভিযুক্ত তিন কর্মকর্তা হলেন পুলিশের সাবেক সহকারি সুপারিনটেনডেন্ট আব্দুর রশীদ ও আতিকুল ইসলাম মুন্সী এবং বিশেষ সুপারিনটেনডেন্ট রুহুল আমিন।
গ্রেনেড হামলা মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা ফজলুল কবীর বাদী হয়ে ৩০ মার্চ পল্টন থানায় এই মামলাটি দায়ের করেন।
