চাঁদপুর, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর লঞ্চঘাট থেকে মঙ্গলবার বিকেলে ৯০ বস্তা ইউরিয়া সার এবং একটি ইঞ্জিন চালিত ট্রলারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
এসব সার মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।
তিনি বলেন, এসব সারের কোন কাগজপত্র আটককৃতরা দেখাতে পারেননি।
আটক তিনজন হলেন- মুন্সীগঞ্জের বনি দেওয়ানের ছেলে নূরুল ইসলাম (৪৫), গিয়াস উদ্দিনের ছেলে জালাল উদ্দিন (২৭) ও শাইজ উদ্দিনের ছেলে মাহফুজ বকাউল (৩৮)। সার, ট্রলারসহ এদের মতলব উত্তর থানায় সোপর্দ করা হয়েছে।
নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, ট্রলারটি চাঁদপুরের দিকে যাওয়ার সময় মোহনপুর লঞ্চঘাট এলাকায় আটক করা হয়। ট্রলারে ইউরিয়া সার দেখে পুলিশের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন এসব সার মুন্সীগঞ্জের চিতলিয়া বাজারের মাসুম এন্টারপ্রাইজের। তবে চাঁদপুরের দিকে কেন নেওয়া হচ্ছিল সে প্রশ্নে তারা নিরব থাকে।
আটক তিনজনের মধ্যে নূরুল ইসলাম প্রতিষ্ঠানটির প্রতিনিধি, জালাল উদ্দিন ট্রলার মালিক ও মাহফুজ বকাউল শ্রমিক বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৮ ঘ.
bdnews24