২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুদের হার কমিয়ে ১৩ শতাংশ করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংক সুদের হারের সীমা ১৩ শতাংশ বেধে দিয়েছে। তবে ক্রেডিট কার্ড ও ভোক্তা ঋণ এর আওতায় পড়বে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2009, 08:34 AM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--কেন্দ্রীয় ব্যাংক সুদের হারের সীমা ১৩ শতাংশ বেধে দিয়েছে। তবে ক্রেডিট কার্ড ও ভোক্তা ঋণ এর আওতায় পড়বে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ। (আরো তথ্যসহ) মঙ্গলবার দুপুরে দেশের সব সরকারি-বেসরকারি ও বিদেশি ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে এক বৈঠকের পর গভর্নর সাংবাদিকদের বলেন, বিশ্ব অর্থনীতির চলমান মন্দা মোকাবেলায় ভোক্তা ও ক্রেডিট কার্ডের ঋণ ছাড়া সব ধরনের ব্যাংক ঋণের সুদের হার সর্বোচ্চ ১৩ শতাংশে নামিয়ে আনার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে এ মন্দায় ক্ষতিগ্রস্ত খাতের ব্যাংক ঋণ যাতে খেলাপি না হয় সেজন্য আগামী ছয় মাস ডাউন পেমেন্ট (এককালীন পরিশোধ) ছাড়াই ঋণ পুনঃতফসিল (রিশিডিউল) করার সুযোগ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, "যারা ক্ষতিগ্রস্ত হবেন তারাই শুধু এ সুবিধা পাবেন। ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এ বিষয়ে ব্যাংকগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।" ব্যাংক নির্বাহীদের সংগঠন 'অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)'র চেয়ারম্যান মাহমুদ কে সাত্তার বলেন, "বৈঠকে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ব্যাংক ঋণের সুদের হার কমিয়ে আনতে আমাদের (ব্যাংকারদের) নির্দেশনা দিয়েছেন গভর্নর। আমরা কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনা মেনে চলার চেষ্টা করব। এ নির্দেশনা বিশ্বমন্দা মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা মনে করি।" এবিবি চেয়ারম্যান বলেন, "ক্ষতিগ্রস্ত খাতের ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে শিথিল করার যে নির্দেশ দেওয়া হয়েছে সেটাও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা মনে করি।" বর্তমানে ভোক্তা ও ক্রেডিট কার্ড ছাড়া অন্য সব ঋণের সর্বোচ্চ সুদের হার ১৪ দশমিক ৭৫ শতাংশ। সালেহউদ্দিন আহমেদ বলেন, অর্থনৈতিক মন্দার প্রভাব থেকে দেশের ক্ষতিগ্রস্ত খাতগুলোর সঙ্কট মোকাবেলার জন্য ব্যাংকগুলোর কি করণীয় তা নিয়ে ব্যাংকার্স বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। ব্যাংকগুলো ঋণের সুদের হার কমিয়ে এবং ঋণ পরিশোধের নিয়ম-কানুন শিথিল করে ক্ষতিগ্রস্ত খাতগুলোকে সহায়তা দিতে রাজি হয়েছে। এরই ধারাবাহিকতায় ব্যাংকাররা ভোক্তা ও ক্রেডিট কার্ড ছাড়া অন্য সব ঋণের সর্বোচ্চ সুদের হার ১৩ শতাংশে নামিয়ে আনতে সম্মত হয়েছেন বলে জানান সালেহউদ্দিন। ক্ষতিগ্রস্ত খাতগুলোর জন্য ঋণ পরিশোধের নিয়ম-কানুন শিথিল করা প্রসঙ্গে গভর্নর বলেন, সাধারণত কেউ ঋণ খেলাপি হলে মোট ঋণের ১০ বা ১৫ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ঐ ঋণ পুনঃতফসিল (রিশিডিউল) করার বিধান রয়েছে। পুরনো সব ঋণের ক্ষেত্রেই এ বিধান বলবত থাকবে। শুধু মন্দার কারণে যে সব খাত ক্ষতিগ্রস্ত হবে সেগুলো যাতে খেলাপি না হয় সেজন্য আগামী ছয় মাস অর্থাৎ সেপ্টেম্বর পর্যন্ত কোনো ধরনের ডাউন পেমেন্ট ছাড়াই ঋণ রিশিডিউল করার সুযোগ দিতে সব ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান গভর্নর। তিনি বলেন, ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। গভর্নর আরো বলেন, বিশ্ব মন্দার প্রেক্ষাপটে ব্যাংক ঋণের সুদের হার হ্রাস প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকও তার নীতিনির্ধারণী সুদের হার কমিয়েছে। যেমন- ট্রেজারি বিল, রেপো ট্রেজারি বিলের পুনঃক্রয় চুক্তি) ও রিভার্স রেপোর (পুনঃপুন ক্রয় চুক্তি) সুদের হার কমানো হয়েছে। এছাড়া রেমিটেন্স প্রবাহ ঠিক রাখতে বিভিন্ন দেশে আরও এক্সচেঞ্জ হাউজ খোলা, অপেক্ষাকৃত কম খরচে এবং সময়ে গ্রাহকের হাতে অর্থ পৌঁছে দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান সালেহউদ্দিন আহমেদ। মাহমুদ সাত্তার বলেন, ব্যাংকার্স বৈঠকের এ সব নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংক খুব শিগগিরই একটি নীতিমালা আকারে সব বাণিজ্যিক ব্যাংককে জানিয়ে দেবে। এর পর থেকে ব্যাংকগুলো এ সব নির্দেশনা বাস্তবায়ন শুরু করবে বলে জানান তিনি। ব্যাংক ঋণের সুদের হার কমাতে গিয়ে আমানতের সুদের হারও কমানো হবে কিনা-এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিলেও তা কমার ইঙ্গিত দেন মাহমুদ সাত্তার। তিনি বলেন, "আমাদের ব্যাংকগুলো যে ঋণ বিতরণ করে থাকে তার ৯৫ ভাগই সংগ্রহ করা আমানত থেকে বিতরণ করে থাকে। এখানে আমাদের কাছে (ব্যাংক) আমানতকারীদের আমানত হচ্ছে শিল্পের কাঁচামালের মতো। কোনো পণ্যের কাঁচামালের দাম কমলে যেমন পণ্যের দাম কমে, তেমনি আমানতের সুদের হার কমলে ব্যাংক ঋণের সুদের হার কমবে-এটাই স্বাভাবিক।" তিনি বলেন, "বর্তমান প্রেক্ষাপটে ব্যাংক ঋণের সুদের হার ১৩ শতাংশে নামিয়ে আনা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে। এর পরও আমরা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে চলার চেষ্টা করবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফ/জিএনএ/এসকে/২১২৮ঘ.