ময়মনসিংহ, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের নওধার নামক স্থানে মঙ্গলবার সকালে দু'টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আল খায়ের মাতুব্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ থেকে ঢাকাগামী বালু ভর্তি একটি ট্রাকের সঙ্গে ঢাকা থেকে ময়মনসিংহগামী সবজি বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।"
এতে ঘটনাস্থলেই বালু শ্রমিক আলম ও গিয়াস উদ্দিন গেসুসহ অজ্ঞাত এক ব্যক্তি মারা যায়।
দুর্ঘটনায় গুরুতর আহত ট্রাকচালক মিরাজ আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং অজ্ঞাত অপর দুজনকে ত্রিশাল স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলম, গিয়াসউদ্দিন ও মিরাজ আলীর বাড়ি ত্রিশালের চুরখাই গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/১১১৫ ঘ.
bdnews24