ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাযজ্ঞের মামলায় নিজেদের সহ অন্য অভিযুক্তদের সম্পৃক্ত করে সোমবার আরো দুই বিডিআর জওয়ান ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
এ ছাড়া ১২ বিডিআর সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
লালবাগ থানায় পুলিশের দায়ের করা এ মামলায় সোমবার সন্ধ্যায় আরো ৬৭ জনকে নতুন করে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপ-পরিদর্শক খন্দকার এখলাসুর রহমান বিডি নিউজকে এর সত্যতা নিশ্চিত করেন।
এ মামলায় এ নিয়ে ৯৫৭ জনকে গ্রেপ্তার করা হলো। জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হলো ২৩ জনকে।
গত ২৮ ফেব্র"য়ারি লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নব জ্যোতি খীসা ঐ থানায়ই পিলখানা বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় বিডিআর এর ডিএডি তৌহিদুল আলমসহ ৬ জনের নাম উল্লেখ করে এবং হাজারের বেশি অজ্ঞাতনামাকে আসামি করে হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ,রাষ্ট্রদ্রোহিতা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।
সোমবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত মহানগর হাকিম রাশেদ কবির নায়েক মো. কামরুজ্জামানের ও মহানগর হাকিম আব্দুল মজিদ সিপাই আসাদুজ্জামানের জবানবন্দী রেকর্ড করেন তাদের নিজ নিজ খাস কামরায়।
সিপাই মো. বজলুর রশিদ ও ল্যান্স নায়েক আনোয়ারুল ইসলামকে অন্য দুই হাকিমের কামরায় কয়েক ঘন্টা বসিয়ে রাখা হলেও শেষ পর্যন্ত তাদের জবানবন্দি নেওয়া হয়নি।
১২ বিডিআর সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চাওয়া হলে মহানগর হাকিম ফয়সাল আতিক বিন কাদের শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে যাওয়া এ আসামিরা হলেন সিপাহি মো. ওবায়দুল, নায়েক শেখ মো. শহিদুর রহমান, সিপাহি পুলক কান্তি মল্লিক, সিপাহি মো. রিয়ান আহম্মেদ, সিপাহি মো. জাকির হোসেন, সিপাহি মো. রাজিবুল হাসান, সিপাহি মো. রফিকুল ইসলাম, সিপাহি মো. ফজলুর রহমান, হাবিলদার জালাল উদ্দিন, সিপাহি মিজানুর রহমান, সিপাহি হাসান ইউসুফ এবং সিপাহি রফিকুল ইসলাম (২)।
এছাড়া ৬৭ বিডিআর সদস্যকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন হাকিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২৩৪৫ঘ.
bdnews24