ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর 'ফকিরেরপুল ইয়ংমেন'স ক্লাব' আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা জবরদখল করেছে বলে অভিযোগ করেছেন ক্লাবটির কর্মকর্তারা।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে তারা জানিয়েছেন। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতারা এ অভিযোগ অস্বীকার করেছেন।
"ক্লাবের কর্মকর্তারা অনৈতিকভাবে দীর্ঘদিন ধরে ক্লাবটি দখল করে ছিল। সোমবার স্থানীয় লোকজনের সহায়তায় ক্লাবটির দায়িত্ব বুঝে নিয়েছে স্থানীয় সাংসদের তৈরি করে দেওয়া আহ্বায়ক কমিটি।"
ক্লাবটির সাধারণ সম্পাদক মনজুর হোসেন মালু অভিযোগ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্থানীয় কিছু আওয়ামী লীগের নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে এসে সোমবার রাতে ক্লাবটির কর্মকর্তাদের বের করে দিয়ে তা দখলে নেয়।"
তিনি অভিযোগ করেন সোমবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা নাসিরউদ্দীন মল্লিক পিন্টু, সাব্বির ও মোজাম্মেলসহ দেড়/দু'শ লোক লাঠি-সোঁটা নিয়ে ক্লাবটি দখল করতে আসে। তারা ক্লাবের ভেতরে থাকা সভাপতি সিরাজুল হক ও তাকে (সাধারণ সম্পাদক)সহ ১৫/২০ জনকে বাইরে বের করে দেয়।
দখলকারীদের হাতে হকিস্টিক ও লাঠি ছিল বলে তিনি জানান।
মালু জানান, স্থানীয় সাংসদ রাশেদ খান মেনন পিন্টুকে প্রধান করে ক্লাবের একটি আহ্বায়ক কমিটি করে দিয়েছেন। সেই কমিটি এটি দখল করেছে। অথচ ২০০৬ সালের নির্বাচিত কমিটি এখনও বহাল রয়েছে।
'অস্থিতিশীল পরিস্থিতির কারণে' নির্বাচন দেওয়া সম্ভব হয়নি দাবি করে তিনি বলেন, "নিয়মানুযায়ী নির্বাচন না দিয়ে তারা ক্লাবটা দখল করে নিয়েছে।"
স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাংসদের গঠিত 'আহ্বায়ক কমিটির' প্রধান পিন্টু বলেন, "এই ক্লাবের বৈধ কোনও কমিটি নেই। দীর্ঘদিন কোনও সাধারণ সভা হচ্ছিল না। টাকা-পয়সার কোনও হিসাব নাই। স্থানীয়দের নয়-ছয় বুঝিয়ে দেন কর্মকর্তারা।"
পিন্টু দাবি করেন, স্থানীয় জনগণের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংসদ রাশেদ খান মেনন মনজুর হোসেন মালুকে ডাকলেও তিনি "সাংসদকে পাত্তাই দেন নি।"
পিন্টু বলেন, সাংসদ "এলাকার সেন্টিমেন্ট দেখে সোমবার সকালে একটা আহ্বায়ক কমিটি করে দিলেন। সেই আহ্বায়ক কমিটির সদস্যরা আমরা আজকে দায়িত্ব বুঝে নিয়েছি। সে ঙ্গ এলাকার স্থানীয় গণ্যমান্য লোকজনও ছিল।"
ছয়মাসের মধ্যে ক্লাবের নির্বাচন হবে বলে জানান আওয়ামী লীগের এ স্থানীয় নেতা।
ক্লাব জবর দখলের অভিযোগ অস্বীকার করে পিন্টু বলেন, "আমরা কাউকে ক্লাব থেকে বের করে দিইনি। মনজুর হোসেন মালু আহ্বায়ক কমিটিকে চা খাইয়ে বিদায় নিয়েছেন। গত ২২ বছরের টাকার কোনও হিসাব নেই কর্মকর্তাদের কাছে। সেই হিসাব দেওয়ার ভয়ে তারা এখন জবর দখলের অভিযোগ তুলেছেন।"
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাতে জানান, ক্লাবে গোলমাল হচ্ছে শুনে একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তবে জবরদখলের কোনও অভিযোগ তিনি পাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/০২১২ঘ.
bdnews24