২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনবিআর চেয়ারম্যান হিসেবে আবদুল মজিদের সতেরো মাস

বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়িত্ব পান মোহাম্মদ আবদুল মজিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2009, 02:58 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, ৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়িত্ব পান মোহাম্মদ আবদুল মজিদ। ২০০৭ সালের ১১ জানুয়ারি সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর সারা দেশে দুর্নীতিবিরোধী অভিযান শুরু হয়। এরই ধারাবাহিকতায় কর ফাঁকিবাজদের বিরুদ্ধেও অভিযানে নামে এনবিআর। তখন এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন বদিউর রহমান। বদিউর রহমানকে আকস্মিকভাবে বদলি করে এনবিআরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় আবদুল মজিদকে। ২০০৭ সালের ২২ অক্টোবর সংস্থাটিতে যোগ দেন তিনি। এক বছর পাঁচ মাসের কিছু বেশি সময় দায়িত্ব পালনের পর সোমবার তাকে ওএসডি করে সরকার। দায়িত্ব পালনকালে আবদুল মজিদ রাজস্ব আদায় বাড়াতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। কর্মকর্তাদের কর আদায় বাড়ানোর নির্দেশ দেওয়ার ছাড়াও সর্বস্তরের মানুষকে কর দিতে উৎসাহিত করতে সারা দেশ সফর করেছেন। অনেকেই ধারণা করছিলেন নতুন সরকারের রদবদলে এনবিআর চেয়ারম্যান পদেও অন্য কাউকে নিয়োগ দেওয়া হবে। কিন্তু সরকারের তিন মাস চলে যাওয়ার পরও এ পদে রদবদল না হওয়ায় ধরে নেওয়া হয়েছিল নতুন বাজেট প্রণয়নের বিষয়টি বিবেচনায় রেখে সরকার বাজেট পর্যন্তআবদুল মজিদকে বদলি করবে না। নিয়ম অনুযায়ী ২০০৯-১০ অর্থবছরের বাজেট পেশ হবে জুন মাসের প্রথমার্ধে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২১০০ঘ.