ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিদেশে থাকা যুদ্ধাপরাধীদের ফিরিয়ে আনতে সরকার আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সাহায্য চাইবে।
সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন,"স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যুদ্ধাপরাধীদের তালিকা রয়েছে। এই তালিকা অনুযায়ী যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অহেতুক কাউকে হয়রানি করা হবে না।"
যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ইতিমধ্যেই জাতিসংঘের সাহায্য চাওয়ার কথা উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের যে প্রক্রিয়া সরকার শুরু করেছে এ নিয়ে সন্দেহের কোনও অবকাশ থাকবে না। তাদের বিচার হবেই। যতো দ্রুত সম্ভব বিচার কাজ শুরু হবে। এজন্য জাতিসংঘের সহায়তা চাওয়া হয়েছে।"
মন্ত্রী বলেন, জাতিসংঘের যুদ্ধাপরাধের বিচার সংক্রান্ত অভিজ্ঞতা রয়েছে বলেই বিশ্বসংস্থাটির সহায়তা চাওয়া হয়েছে। বিচার প্রক্রিয়া যাতে কোনওভাবেই ব্যাহত না হয় সেটাও একটি কারণ বলে জানান তিনি।
তিনি আরো বলেন, "যারা (যুদ্ধাপরাধী) বিদেশে রয়েছেন তাদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে।"
মন্ত্রী জানান, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে দেশে যেসব মামলা হয়েছে বা আগামীতে যেসব মামলা হবে তা সরকার আমলে নেবে।
যুদ্ধাপরাধীদের বিচার ছিল আওয়ামী লীগের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্র"তি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জিএমএ/এসকে/১৭৫৫ঘ.
bdnews24