২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজউকে আধিপত্য বিস্তার নিয়ে শ্রমিক লীগের সংঘর্ষ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কার্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার সরকার সমর্থক শ্রমিক সংগঠন শ্রমিক লীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2009, 09:24 AM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কার্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার সরকার সমর্থক শ্রমিক সংগঠন শ্রমিক লীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় রাজউকের প্রধান ফটকসহ বেশ কিছু কক্ষের জানালার কাঁচ ভাঙচুর করা হয়। এতে তিনজন আহত হয়েছে বলে একটি পক্ষ দাবি করেছে। তিনমাসের কিছু বেশি আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর থেকে দলটির সমর্থক সংগঠনগুলোর অভ্যন্তরীণ কোন্দলে নানা জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে মালেক গ্র"প ও মিলকি গ্র"পের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। রাজউকের দুই কর্মচারী আব্দুল মালেক ও শামসুল আলম মিলকি উভয়েই নিজেদের শ্রমিক লীগ, রাজউক শাখার সভাপতি বলে সাংবাদিকদের কাছে দাবি করেন। আব্দুল মালেক সাংবাদিকদের বলেন, "এই মিল্কিসহ অন্যান্যরা গত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে রাজউকে লুটপাট চালিয়েছে। এরা এখন আবারও রাজউকে ঢুকে লুটপাটের রাজত্ব কায়েম করতে চায়। আমরা তাদের বাধা দিয়েছি।" মালেক দাবি করেন, দুপুর সোয়া ১২ টার দিকে তিনি ও তার সমর্থক শ্রমিকরা কাজ করার সময় মিল্কি কিছু বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে হামলা চালায়। মিল্কির নেতৃত্বে সন্ত্রাসীরা তার সমর্থকদের মারধর করে ও গুলি ছুঁড়ে বলে অভিযোগ করেছেন আব্দুল মালেক। অন্যদিকে শামসুল আলম মিলকি বলেছেন, রাজউক ভবনে আসার প্রস্তুতি নেওয়ার সময় তারা শুনতে পারেন মালেক গ্র"প তাদের হামলা করার জন্যে প্রস্তুতি নিয়েছে। মিলকি দাবি করেন তিনি বিষয়টি পূর্তমন্ত্রীকে জানালে রাজউক ভবনে পুলিশ প্রহরা রয়েছে বলে মন্ত্রী তাকে আশ্বস্ত করেন। কিন্তু রাজউক ভবনে গেলে মালেক গ্র"প তাদের ওপর হামলা চালায় বলে দাবি করেন মিলকি। তিনি বলেন, হামলায় তাদের পক্ষের তিনজন কর্মী আহত হয়েছে। ঘটনার পর রাজউক চেয়ারম্যান নুরুল হুদা সাংবাদিকদের বলেন, "কিছু বহিরাগত এসে এই হামলা ও ভাঙচুর করেছে। আমি যেহেতু মাত্র দায়িত্ব নিয়েছি (৩০ মার্চ ) তাই এখনো অভ্যন্তরীণ বিষয়গুলো জানি না।" এ ঘটনায় 'অজ্ঞাত বহিরাগতদের' আসামী করে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনা তদন্তের জন্যে রাজউকের সদস্য (প্রশাসন) আব্দুল ওহাব মিয়াকে আহবায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাতদিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । প্রত্যক্ষদর্শী রাজউকের কর্মচারীরা জানান, বেশ কিছুদিন ধরেই এই দু' গ্র"পের মধ্যে উত্তেজনা চলছিল। গত ২৮ জানুয়ারিও একবার দু'পক্ষে সংঘর্ষ হয়। এদের মধ্যে মিল্কি ও আব্দুল জলিল গ্র"প এর শাখা কমিটি শ্রমিক লীগের অনুমোদিত হলেও মালেক ও রফিকুল ইসলাম কমিটির কোনও অনুমোদন নেই। তবে বর্তমানে রাজউক ভবনের ভেতরে মালেক-রফিকুল গ্র"প আধিপত্য বজায় রেখেছে। আর রাজউকের সদ্য পুনর্বহাল হওয়া ৩৭১ কর্মচারীর বেতনের দাবিতে অন্য কর্মচারীদের নিয়ে আন্দোলন করছেন আব্দুল মালেক। ফলে তার দল এখন ভারি। রাজউক চেয়ারম্যান জানান, সোমবার জরুরি বোর্ড মিটিংয়ে আবার নিয়োগপ্রাপ্তদের ১৮ দিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। জোট সরকারের আমলে ২০০৪ সালে বিভিন্ন প্রকল্পে কর্মরত ওইসব কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। পরে উচ্চ আদালতের রায়ে গত ১২ মার্চ তারা আবার কাজে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/এসকে/২৩৫৫ঘ.