ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি রোধ করতে বর্ষা মৌসুম আসার আগেই পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সব কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন।
তিনি আরো জানিয়েছেন নদী খনন ও নদী ভাঙন রোধসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের দরপত্র নিয়ে একচ্ছত্র আধিপত্য নিরসন করতে বোর্ডের দরপত্র প্রক্রিয়াতেও পরিবর্তন আনা হচ্ছে। এ ব্যাপারে মন্ত্রণালয়ের পিপিআর-৩ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
পানি মন্ত্রী রোববার মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, "দুর্নীতি রোধে বর্ষার আগেই সব কাজ শেষ করতে বলা হয়েছে। এখানে দুর্নীতির কোন সুযোগ নেই, বরং কোথাও দুর্নীতির কোন অভিযোগ থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
এর আগে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত বিএম টেন টুসার এবং বাংলাদেশে নিযুক্ত বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আবাসিক প্রতিনিধি এড স্পাইকার্স মন্ত্রী রমেশ চন্দ্র সেনের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন।
বৈঠকে নেদারল্যান্ডের পক্ষ থেকে জলবায়ুর পরিবর্তন রোধ, খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং পানি সম্পদের উন্নয়ন ও ব্যবস্থাপনায় পাঁচটি সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়।
নেদারল্যান্ডের রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, এ ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোন উদ্যোগ নেওয়া হলে তা বাস্তবায়নে নেদারল্যান্ড সরকার ও এফএও'র পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।
মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, "নেদারল্যান্ড ও এফএও বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নে সহায়তা দেবে। ইতোমধ্যে তারা গঙ্গা ব্যারেজ নির্মাণ, গড়াই, কপোতাক্ষ ও ফেনী নদী খনন ও ভাঙনরোধ এবং ভবদহ সমস্যার উন্নয়নে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। পানি ব্যবস্থাপনার পাশাপাশি খাদ্য নিরাপত্তা গড়ে তুলতেও তারা সহায়তা দেবে।"
পাউবো'র বিভিন্ন প্রকল্পে কাজের বিনিময়ে টাকা কর্মসূচির কারণে চারদলীয় জোট সরকার আমলে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠা সত্ত্বেও সরকার ওই নীতি অব্যাহত রাখবে কিনা- জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, "কাজের বিনিময়ে টাকা নয়, কাজের বিনিময়ে খাদ্য দেওয়া হচ্ছে। কারণ সরকার চায় সাধারণ মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছাতে।"
মন্ত্রী জানান, কাজের বিনিময়ে টাকা দিতে নিষেধ করা হয়েছে। এটা নিশ্চিত করতে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ওই কমিটি হয়েছে। কমিটি সব কাজ মনিটর করবে যাতে কোন দুর্নীতি হতে না পারে।
মন্ত্রী জানান, ইতোমধ্যেই গড়াই নদীর খননের ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বব্যাংক ও জার্মানি এতে অর্থায়ন করতে সম্মত হয়েছে। এজন্য একটি প্রকল্প তৈরি করে অনুমোদনের জন্য একনেকে পাঠানো হয়েছে।
এই প্রস্তাবে খননের পাশাপাশি আট বছর রক্ষণাবেক্ষণের প্রস্তাবও রাখা হয়েছে। কপোতাক্ষ নদের প্রায় সাত কিলোমিটার এলাকা ইতোমধ্যে খননের কাজ শুরু হয়েছে।
২০০৭ সালের দুই দফা বন্যা এবং সিডরে ক্ষতিগ্রস্ত ১৯টি উপকূলীয় জেলার পুনর্গঠনে সরকারের কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে রমেশ চন্দ্র সেন বলেন, "সিডর ও দু'দফা বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে এক হাজার ৫০০ কোটি টাকা প্রয়োজন। এর মধ্যে সরকার ৯০০ কোটি টাকার সংস্থান করতে পেরেছে। বিশ্বব্যাংক ও এডিবি দিচ্ছে ৬০০ কোটি টাকা। ৩০০ কোটি এসেছে সরকারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন ব্যয় থেকে। শিগগিরই বাকি টাকারও সংস্থান হবে।"
মন্ত্রী জানান, প্রাপ্ত অর্থে বিভিন্ন জেলার উন্নয়ন, সংস্কার ও পুনর্গঠনের কাজ চলছে। তবে বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, বরিশাল, চট্টগ্রাম, নোয়াখালী ও কক্সবাজার এলাকার বিভিন্ন কাজ বাকি রয়েছে। দ্রুত এসব জেলার কাজও সম্পন্ন করা হবে।
তবে দ্রুত কাজ শেষ করা না গেলে এবারও এসব জেলায় সমস্যা হতে পারে বলে তিনি সতর্ক করে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এসকে/২২০৬ঘ.
bdnews24