ফরিদপুর, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজবাড়ীর গোয়ালন্দ মোড থেকে এক ব্যবসায়ীর টাকা ছিনতাই করে পালানোর সময় রোববার দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলা থেকে মাইক্রোবাসসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার কামারখালীর প্রাইড জুট মিলের সামনে এদের আটক করা হয় বলে জানিয়েছেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নাফিউর রহমান।
গ্রেপ্তার ছিনতাইকারীরা হলেন- গোপালগঞ্জের মাসুদ (৩০), রিহাদুল কাজী (৩১), কুমিল্লার টিটু মিয়া (৩০), মাসুম (৩৩), সিরাজগঞ্জের কাজী ইউসুফ (৪৪) ও ঝালকাঠির মনির হোসেন (৩৬)।
ওসি নাফিউর জানান, দুপুর ১২টার দিকে পদ্মা ওয়েল মিলের স্থানীয় এজেন্ট মেসার্স লাল এন্টারপ্রাইজের মালিক লালমিয়া গোয়ালন্দ বাজার থেকে বকেয়া টাকা তুলে তার সহযোগী আক্কাসকে সঙ্গে গোয়ালন্দ মোড়ে ফিরছিলেন।
ছিনতাইকারীরা তাদের দুজনকে মাইক্রোবাসে তুলে দুই লাখ তিন হাজার ৯০ টাকা ছিনিয়ে নেয়। পরে তাদের রাজবাড়ীর জমিদার ব্রিজের কাছে ফেলে দিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে খুলনার দিকে পালানোর চেষ্টা করে। লালমিয়া তার মোবাইল ফোনে মধুখালী থানা পুলিশসহ স্থানীয় কয়েকজন যুবককে ঘটনাটি জানান।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ স্থানীয় যুবকদের সহায়তায় দুপুর ১টার দিকে উপজেলার কামারখালীর প্রাইড জুট মিলের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ছিনতাইকারীদের ব্যবহৃত মাইক্রোবাসটি (ঢাকা- মেট্রো-চ-১৩-১০৬০) আটক করে।
তবে এ সময় দুই ছিনতাইকারী পালিয়ে যায়। আটক ছয়জনের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাই করা টাকা। পালিয়ে যাওয়া দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
এ ঘটনায় লাল মিয়া মধুখালী থানায় একটি মামলা করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান জানান, গ্রেপ্তার ছিনতাইকারীদের পাঁচদিনের রিমান্ড চেয়ে সোমবার ফরিদপুরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে পাঠানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৮ ঘ.
bdnews24