ঢাকা, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক ইত্তেফাকের প্রকাশনা ও ব্যবস্থাপনার ওপর তিন মাসের স্থিতাবস্থার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
পাশাপাশি আনোয়ার হোসেন মঞ্জুকে ইত্তেফাকের প্রকাশক ও মুদ্রাকর হিসেবে ঘোষণা করে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের দেওয়া আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে রুলনিশি জারি করা হয়েছে।
হাইকোর্টের এ স্থিতাবস্থার আদেশের অর্থ হচ্ছে, এ নির্দেশ বহাল থাকা অবস্থায় অন্যতম মালিক মইনুল হোসেনের স্ত্রী সাজু হোসেনের নাম পত্রিকাটির মুদ্রাকর ও প্রকাশক হিসেবে ছাপা হবে।
তথ্য সচিব, ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ইত্তেফাক গ্র"প অব পাবলিকেশন্স লিঃ, সাজু হোসেন ও আনোয়ার হোসেন মঞ্জুকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
রোববার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইত্তেফাক গ্র"প অব পাবলিকেশন্স লিঃ-এর কার্যনির্বাহী পরিচালক-১ মইনুল হোসেনের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
গত ২৫ মার্চ ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন মঞ্জুকে ইত্তেফাকের প্রকাশক ও মুদ্রাকর হিসেবে ঘোষণা করে এক আদেশ দেন।
সাজু হোসেনের বরাবরে লেখা ওই আদেশে বলা হয়, ২০০৭ সালের ১৭ অক্টোবর থেকে সাজু হোসেন অস্থায়ীভাবে পত্রিকাটির মুদ্রাকর ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন। কিন্তু ১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন অনুযায়ী আনোয়ার হোসেন মঞ্জু মুদ্রাকর ও প্রকাশকের দায়িত্ব থেকে পদত্যাগ করেননি। এছাড়া আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে কোম্পানির ছয় জন পরিচালকের মধ্যে চার জনের সমর্থন রয়েছে বলেও ওই পত্রে উল্লেখ করা হয়।
এর বৈধতা নিয়ে দায়ের করা রিটের ওপর শুনানিতে মইনুল হোসেনের আইনজীবী মাহমুদুল ইসলাম বলেন, আনোয়ার হোসেন মঞ্জুকে প্রকাশক ও মুদ্রাকর ঘোষণা করে দেওয়া চিঠিটি অবৈধ। কারণ ইত্তেফাক গ্র"প অব পাবলিকেশন্স লিঃ হচ্ছে প্রকৃত মুদ্রাকর ও প্রকাশক। আনোয়ার হোসেন মঞ্জু ছিলেন পত্রিকাটির ডিক্লারেশনের জন্য কেবল কোম্পানির অনুমোদিত প্রতিনিধি মাত্র।
শুনানির সময় মঞ্জুর পক্ষে কোন আইনজীবী উপস্থিত ছিলেন না। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/১৮৫৩ ঘ.
bdnews24