ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লা ও রাজশাহীতে যুদ্ধারপাধের অভিযোগে রোববার দুটি মামলা হয়েছে।
এর মধ্যে মুক্তিযুদ্ধের সময় স্বামীকে হত্যার অভিযোগে কুমিল্লার বিচার বিভাগীয় হাকিম আদালতে ছয় 'রাজাকারকে' আসামি করে মামলা করেছেন জেলার চৌদ্দগ্রাম উপজেলার ছাতিয়ানি গ্রামের মনোয়ারা বেগম।
বাবাকে হত্যার অভিযোগে রাজশাহীর মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০/২৫ জনের বিরুদ্ধে মামলা করেন শহীদ মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিন প্রামাণিকের ছেলে জেলার পুঠিয়ার বানেশ্বরের বাসিন্দা মাজেদুর রহমান মজনু।
মামলার অভিযোগে বলা হয়, জেলার চারঘাট উপজেলায় একাত্তরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়।
এ নিয়ে রাজশাহীতে যুদ্ধাপরাধের চারটি মামলা হল। এর মধ্যে একটি মামলায় দুজন জেলহাজতে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা: কুমিল্লার বিচার বিভাগীয় হাকিম জহির উদ্দিন মামলাটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার ছাতিয়ানি গ্রামের মো. মোস্তফা মোল্লা, আবদুল্লাহ মোল্লা, ওবায়দুল্লাহ মোল্লা , জলফু মোল্লা , ভঘু মোল্লা ও আশরাফ মোল্লা ।
এদের মধ্যে জলফু, ভঘু ও আশরাফ মোল্লা মারা গেছেন।
মনোয়ারা বেগম অভিযোগ করেন, ১৯৭১ সালের ১৬ জুন দুপুর ১টার দিকে পাকিস্তানি বাহিনীর দোসর এ ছয় 'রাজাকার' তাদের বাড়িতে হানা দেয়। এসময় তিনি স্বামী-সন্তান নিয়ে খাটের নিচে লুকিয়ে পড়েন। কিন্তু আসামিরা ঘর তল্লাশি করে তার স্বামী আব্দুস সাত্তার ভূঁইয়া বের করে চোখে কালো কাপড় বেঁধে নিয়ে যায়।
বিকেলে তাকে বাড়ির পাশের একটি আম গাছের সঙ্গে বেঁধে গুলি করে হত্যা করে 'রাজাকাররা'। গ্রামবাসী বহু চেষ্টা করে তার লাশ 'রাজাকারদের' হাত থেকে উদ্ধার করে দাফন করে।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালতের নির্দেশ এখনও হাতে পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।"
রাজশাহী: মুক্তিযুদ্ধের সময় জেলার চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিনকে হত্যার অভিযোগ করা মামলাটি আমলে নিয়ে হাকিম আবু মোহাম্মদ আমিনুল এহসান তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
চারঘাট উপজেলার শলুয়া ইউপির সাবেক সদস্য বধুয়া গ্রামের আব্দুস সামাদ, মাড়িয়া গ্রামের মোসলেম আলী ও আব্দুস সামাদ, বাদুড়িয়া গ্রামের আব্দুল মাজেদ এবং পুঠিয়ার নামাজ গ্রামের বাক্কার আলীকে মামলায় আসামি করা হয়েছে।
মুক্তিযুদ্ধ চলাকালে আসামিরা রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীর সদস্য ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
অভিযোগ করা হয়, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর রাতে আসামিদের নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিনকে তার মাড়িয়া গ্রামের বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ওই সময় তাদের আঘাতে মাথার পিছনে, থুতনি ও দুই চোখের ভ্র"তে জখম হন বাদী মজনু। তখন তার বয়স ছিল ১২ বছর।
তিনদিন পর ১৯ ডিসেম্বর পরিবারের সদস্যরা চারঘাট ডাকবাংলার সামনে আংশিক মাটি চাপা দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে।
আদালত চত্বরে বাদী সাংবাদিকদের বলেন, "এতোদিন অনুকূল পরিবেশ পাইনি বলে মামলা করিনি। এখন পরিবেশ আছে। সরকার মামলা করতে বলেছে তাই মামলা করলাম।"
এ সময় মামলার সাক্ষী জানিফ শেখ, মফিজ উদ্দিন, মো. লবী, আব্দুল মান্নান, আজাহার আলী, জালাল উদ্দিনসহসহ এলাকার লোকজন এবং তার আইনজীবী মনসুর রহমান উপস্থিত ছিলেন।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, তিনি মামলা দায়েরের কথা শুনেছেন। তবে রোববার বিকেল পর্যন্ত এজাহার ও আদালতের নির্দেশ হাতে পাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৮ ঘ.
bdnews24