ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিমিয়ে পড়া বাংলাদেশ ডাক বিভাগকে গতিশীল করতে শিগগিরই বাড়ানো হচ্ছে এর জনবল। নতুন করে প্রায় প্রায় এক হাজার ডাকপিয়ন ও ডাক বাহক নিয়োগ দেওয়া হচ্ছে সরকারি এ প্রতিষ্ঠানটিতে। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রস্তাব সংস্থাপন মন্ত্রণালয় থেকে অনুমোদনও পেয়েছে।
এ ছাড়া বাড়ছে ডাক বিভাগের 'গ্যারান্টিড এক্সপ্রেস পোস্ট' সেবার পরিধিও।
ডাক বিভাগের মহাপরিচালক মোবাশ্বেরুর রহমান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শূন্যপদের বিপরীতে ৯০০ শ'র মতো ডাক পিয়ন ও ডাকবাহক নিয়োগ দেওয়া হবে। সংস্থাপন মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। দ্রুত এ নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।"
এ নিয়োগ সম্পন্ন হলে কাজের মান আরও উন্নত হবে জানিয়ে তিনি বলেন, "এতে সঠিকভাবে সেবা দিতে পারবো; বিতরণ ব্যবস্থায় গতি আসবে।"
সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ হতে তিন চার মাস সময় লাগবে বলেও জানান ডাক বিভাগের মহাপরিচালক।
ডাক পিয়ন নিয়োগে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ নির্ধারণ করা হবে জানা গেছে।
নুতন নিয়োগ ছাড়াও 'গ্যারান্টিড এক্সপ্রেস পোস্ট' সেবার পরিধি আরও বাড়ানোর প্রস্তুতির কথা তুলে ধরে মোবাশ্বেরুর রহমান বলেন, "১ বৈশাখ থেকে নতুন ২২৩টি জায়গায় এ সেবা দেওয়া হবে। বর্তমানে ১৬৯টি পোস্ট অফিস থেকে এ সেবা দেওয়া হয়।"
ডাক বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, জনবল সংকটের কারণে চিঠি ও পার্সেল বিতরনে বর্তমানে সমস্যা হচ্ছে। ঢাকায় এসব কাজ সংশ্লিষ্ট কর্মীর সংখ্যা মাত্র ১৫০ জন। আর শূন্যপদের সংখ্যা ৩৫।
শূন্যপদ ছাড়াও আরও ৫০ জন কর্মী প্রয়োজন বলে ওই কর্মকর্তা জানান।
সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের চিঠি ডাক বিভাগের মাধ্যমে বিতরণ করার প্রস্তাব দিলেও জনবল সংকটের কারণে ডাক বিভাগ এ প্রস্তাবে রাজি হতে পারছে না।
এ বিষয়ে মোবাশ্বেরুর রহমান বলেন, "অনেক প্রতিষ্ঠান তাদের চিঠি দিতে চায়। তিতাস গ্যাস কোম্পানির সঙ্গে তাদের ৩ লাখ ৫০ হাজার চিঠি বিতরণের চুক্তি হয়েছে। আরও দিতে চায়। কিন্তু জনবল সংকটের কারণে আমরা এসব প্রস্তাব গ্রহণ করতে পারছি না।"
সারা দেশে পোস্টঅফিস আছে ৯ হাজার ৮৮৯টি। এর মধ্যে জেনারলে পোস্ট অফিস ৪টি। জেলাশহরগুলো মিলিয়ে ৬৬টি। এরপরই উপজেলা পর্যায়ে পোস্ট অফিস রয়েছে। গ্রাম পর্যায়ে রয়েছে ৮২০০ 'এক্সট্রা ডিপার্টমেন্টাল' পোস্ট অফিস। এসব পোস্ট অফিসের কর্মচারীদের কোনো বেতন দেওয়া হয় না। মাসে ৭৫০, ৭৩৫, ৭২০ টাকা করে সম্মানীভাতা দেওয়া হয়।
বছরে ১৫ থেকে ১৬ কোটি চিঠি গ্রহণ ও বিতরণ করে ডাক বিভাগ। সে হিসেবে মাসে গড়ে এ সংখ্যা দাঁড়ায় এক কোটিরও বেশি।
বিডিনিউজ পোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এইচএ/১৮০৬ ঘ.
bdnews24