২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের তদন্ত প্রক্রিয়া শুরু হচ্ছে ৮ এপ্রিল

যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরুর প্রথম ধাপ হিসেবে সরকার ৮ এপ্রিল তদন্ত কমিটি গঠন করতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2009, 09:49 AM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরুর প্রথম ধাপ হিসেবে সরকার ৮ এপ্রিল তদন্ত কমিটি গঠন করতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, "ইউএনডিপি যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম চালাতে আন্তর্জাতিক বিশেষজ্ঞ সহায়তা দেওয়ার প্রস্তাব করেছে। জাতিসংঘের এ সহায়তা গ্রহণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।" রোববার দুপুরে আইন মন্ত্রণালয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের উপস্থিতিতে ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়নের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠক হয়। পরে প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "আগামী ৮ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা নিয়োগের মাধ্যমে একাধিক তদন্ত কমিটি গঠন করা হবে। এর মধ্যদিয়ে বিচার প্রক্রিয়ার প্রথম ধাপ শুরু হবে।" যুদ্ধাপরাধীদের বিচার না করার জন্য কোন দেশ চাপ দিচ্ছে কি না- জানতে চাওয়া হলে তিনি বলেন, "এ ধরনের কোন চাপ নেই। তবে যত ঝুঁকী থাকুক না কেন সরকার এ বিচার করতে প্রস্তুত।" সন্দেহভাজন যুদ্ধাপরাধীরা যেন এ সময়ের মধ্যে দেশ ছেড়ে যেতে না পারে সেদিকে সরকারের দৃষ্টি রয়েছে বলেও জানান আইনপ্রতিমন্ত্রী। পরে রেনেটা লক ডেসালিয়ন সাংবাদিকদের বলেন, "এই বিচার যেন আন্তর্জাতিকমানের হয় সেজন্য আমরা সহযোগিতার আশ্বাস দিয়েছি। বিশ্বের অনেক দেশে এ ধরনের বিচার হয়েছে। এর অভিজ্ঞতার আলোকে ভুলত্র"টি এড়াতে বিশেষজ্ঞ দেওয়ার প্রস্তাব দিয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/জিএনএ/১৫৪৫ ঘ.