২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ১৭ বিডিআর সদস্যকে লালবাগ থানায় হস্তান্তর

বিডিআর বিদ্রোহের মামলায় আরো ১৭জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ১৬ জন বিডিআর সদস্য ও একজন বেসামরিক ব্যক্তি রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2009, 06:03 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের মামলায় আরো ১৭জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ১৬ জন বিডিআর সদস্য ও একজন বেসামরিক ব্যক্তি রয়েছেন। ভিডিও ফুটেজ, আলামত, সেনাকর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সাক্ষ্য এবং এর আগে গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে এই ১৭জনকে সনাক্ত করা হয়। পরে র‌্যাব-২ তাদের আটক করে শনিবার রাত সাড়ে নটার দিকে লালবাগ থানায় হস্তান্তর করে। বিডিআরের ঘটনায় ২৮ তারিখে দায়ের করা মামলায় এদের গ্রেফতার দেখানো হয়। তারা হলেন- নায়েক সুবেদার আলাউদ্দিন (৫৫), হাবিলদার জুমারত আলী (৪৭), নায়েক সুবেদার রফিকুল ইসলাম (৫৪), নায়েক সুবেদার আবুল খায়ের (৫৩), হাবিলদার শাহাবুদ্দিন (৫৩), হাবিলদার আব্দুল জলিল (৪৭), সিপাহী শফিয়ার রহমান (২৮), চালক মোঃ ফারুক লস্কর (৪৫), ল্যান্স নায়েক মোঃ গোলাম সারোয়ার (৫২), নায়েক আলী আজম (৫০), নায়েক সুবেদার নুরে আলম(৫৩), নায়েক সুবেদার ওয়ালিউল্লাহ(৫৩), নায়েক সুবেদার আলাউদ্দিন (৫২), সিপাহী তোফাজ্জল হোসেন (২৬), হাবিলদার সন্তোষ (৪৫) ও নায়েক গোলাম মোস্তফা (৪৫)। এছাড়া রয়েছেন বেসামরিক ব্যক্তি শেখ মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৩)। তবে তার সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। এই নিয়ে এই মামলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৮৫০ জন। থানায় হস্তান্তরের পরে তাদের সবাইকেই পর্যায়ক্রমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। লালবাগ থানার উপ-পরিদর্শক জামালউদ্দিন মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," রাত সাড়ে নটার দিকে র‌্যাব-২এর সদস্যরা এই ১৭ জনকে থানায় হস্তান্তর করেছে। আমরা তাদের সবাইকে হাসপাতালে পাঠিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ডাক্তারের রিপোর্টসহ মামলায় গ্রেপ্তার দেখাচ্ছি। রোববার তাদেরকে আদালতে হাজির করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এইচএ/০০০৬ঘ.