২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবি পূরণে সময় বেধে দিয়েছে মংলা বন্দরের চাকরিচ্যুতরা

বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ পাঁচ দফা দাবি পূরণে কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টা সময় বেধে দিয়েছে মংলা বন্দরের চাকরিচ্যুত শ্রমিকরা। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ৭ এপ্রিল মংলায় অর্ধদিবস হরতালসহ তিনদিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2009, 01:34 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

বাগেরহাট, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ পাঁচ দফা দাবি পূরণে কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টা সময় বেধে দিয়েছে মংলা বন্দরের চাকরিচ্যুত শ্রমিকরা। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ৭ এপ্রিল মংলায় অর্ধদিবস হরতালসহ তিনদিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে তারা। শুক্রবার সন্ধ্যায় বন্দর শ্রমিক সংঘ চত্বরে মংলা বন্দর শ্রমিক ন্যায্য অধিকার প্রতিষ্ঠা কমিটির আহ্বায়ক আব্দুর রশিদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় এ ঘোষণা দেওয়া হয়। জনসভায় আরও বক্তব্য রাখেন- মংলা বন্দর শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক এ কে এম শাহাবুদ্দিন, সদস্য মাহাবুবুর রহমান মানিক, মংলা বন্দর শ্রমিক ন্যায্য অধিকার প্রতিষ্ঠা কমিটির সদস্য সচিব বাবুল খান, মংলা বন্দর শিপিং কর্মচারী ইউনিয়নের সভাপতি সামছুল আলম প্রমুখ। মংলা বন্দর শ্রমিক সংঘ নেতা এ কে এম শাহাবুদ্দিন ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অর্ধদিবস হরতাল ছাড়াও কর্মসূচির মধ্যে রয়েছে ৯ এপ্রিল ভুখা মিছিল এবং ১২ এপ্রিল বন্দরের প্রশাসনিক ভবন ঘেরাও। বকেয়া বেতন-ভাতা পরিশোধ ছাড়াও শ্রমিকদের দাবির মধ্যে আছে- এক্সট্রা ক্লিনিং মার্কাওয়ালা ও শিপিং কর্মচারীদের কল স্টেশন আগের মত চালু করা, ২০০৪ সালে নৌ পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ঘোষিত 'বন্দর ধবংসকারী ১১ মাফিয়ার' বিরুদ্ধে অতিসত্ত্বর ব্যবস্থা গ্রহণ করা, দুই শতাধিক মৃত শ্রমিকের বকেয়া বেতন ভাতা পরিশোধ করা এবং বন্দর কর্তৃপক্ষের দুর্নীতিবাজ দুই কর্মকর্তার অপসারণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৭ ঘ.