২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগে অসমাপ্ত ওভার ব্রিজ পার হতে গিয়ে মৃত্যু

রাজধানীর শাহবাগ এলাকার নির্মাণাধীন একটি ওভার ব্রিজ পার হতে গিয়ে শুক্রবার সকালে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছেন নারায়ণগঞ্জ চারুকলা ইনিস্টিটিউটের এক ছাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2009, 09:19 AM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শাহবাগ এলাকার নির্মাণাধীন একটি ওভার ব্রিজ পার হতে গিয়ে শুক্রবার সকালে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছেন নারায়ণগঞ্জ চারুকলা ইনিস্টিটিউটের এক ছাত্রী। মৃতের নাম সুলতানা আক্তার সুমি (২০)। তিনি নারায়ণগঞ্জ চারুকলা ইনিস্টিটিউটের (আর্ট কলেজ) প্রথম বর্ষের ছাত্রী। রাজধানীর সবুজবাগ এলাকায় তাদের বাসা। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শিবলি নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেয়েটি ওভারব্রিজে ওঠার আগে ওইখানে উপস্থিত নির্মাণকর্মীরা তাকে ওভার ব্রিজে উঠতে নিষেধ করলেও সে উঠে পড়ে। পরে ওভারব্রিজে তড়িতাহত হয়ে পড়ে যায়।" ঘটনাটি শাহবাগ থানার পাশে ঘটলেও এলাকাটি রমনা থানার অধীনে হওয়ায় সেখানে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এর আগে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে শাহবাগের নতুন ওভার ব্রিজটি পার হতে গিয়ে সুমি পা ফসকে পড়ে মারা যায়। ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। তিনি জানান, নিহতের সঙ্গে থাকা কাগজ-পত্র দেখে তার পরিচয় জানা যায়। ঘটনার সময় তার সঙ্গে আর কেউ ছিল না। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ব্রিজটির তিন-চতুর্থাংশে রেলিং দেওয়া হয়েছে। বাকিটা ফাঁকা। ফাঁকা অংশের উপরে গ্রিডের বিদ্যুতের তার রয়েছে। ব্রিজের উপরেই কিছু বিদ্যুতের তার ছড়ানো রয়েছে। এর কোন একটিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমি নিচে পড়ে মারা যান বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রত্যক্ষদর্শী খেলনা বিক্রেতা আনিস বলেন,"সকালে আপাকে (সুমি) ব্রিজের উপরে হাটতে দেখি। হঠাৎ সেখানে বিদ্যুতের ঝলকানির পর দেখতে পাই, উনি ব্রিজ থেকে নিচে পড়ে যাচ্ছেন। পরে সবাই তাকে ধরাধরি করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।" নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউটের অধ্যক্ষ সামছুল আলম আজাদ বলেন, "পুলিশ রিপোর্টে বলা হয়েছে, সুমির পায়ের কিছু অংশে ফোসকা রয়েছে। এছাড়া মুখের একটি অংশও থেতলে গেছে।" তিনি জানান, সুমি বরাবরই খুব ভালো ও মনোযোগী ছাত্রী ছিল। মাত্র কিছুদিন আগে বিভাগ বন্টনের পর তাকে পেইন্টিং শাখায় দেয়া হয়। সুমির সহপাঠি শাহ আলম শালু অভিযোগ করে বলেন, "এ রকম একটি ব্যস্ত স্থানে ব্রিজটি নির্মাণ করা হলেও সেখানে কোন সতর্কীকরণ বার্তা ছিল না। এ রকম দুর্ঘটনা তো আবারও ঘটতে পারে। এরকম একটি লোহার ব্রিজে বিদ্যুতের তার থাকাটাও তো স্বাভাবিক নয়।" চার বোনের মধ্যে সুমি সবার বড় । ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের পরে তার মৃতদেহ কুমিল্লার দাউদকান্দির গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কিউএইচ/জিএনএ/এইচএ/১৯৫০ ঘ.