ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহবাগ এলাকার একটি নবনির্মিত ওভার ব্রিজ পার হতে গিয়ে শুক্রবার সকালে পা পিছলে মারা গেছে নারায়ণগঞ্জ চারুকলা ইনিস্টিটিউটের এক ছাত্রী।
তার নাম সুলতানা আক্তার সুমি (২০)। তিনি নারায়ণগঞ্জ চারুকলা ইনিস্টিটিউটের (আর্ট কলেজ) প্রথম বর্ষের ছাত্রী। রাজধানীর সবুজবাগ এলাকায় তাদের বাসা।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে শাহবাগের নতুন ওভার ব্রিজটি পার হতে গিয়ে মেয়েটি পা ফসকে পড়ে মারা যায়। ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেয়ার পরে তার মৃত্যু হয়।
তিনি জানান, মেয়েটির সঙ্গে থাকা কাগজ-পত্র দেখে তার পরিচয় জানা যায়। তার সঙ্গে আর কেউ ছিল কি না তা জানা যায়নি। তার আত্মীয়দের খবর দেয়া হয়েছে।
তিনি আরো জানান, ঘটনাস্থল শাহবাগ থানার পাশে হলেও, ওই জায়গাটি আসলে রমনা থানার অধীনে। মৃতদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কিউএইচ/জিএনএ/১৩২২ ঘ.
bdnews24