ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রিমান্ডে থাকা চার বিডিআর সদস্যকে বৃহস্পতিবার রাতে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
রাত ১০ টার দিকে দুই দফায় এ চারজনকে হাসপাতালে আনা হয়।
লালবাগ থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুল হাকিম প্রথমে রাত সাড়ে ৯টার দিকে হাবিলদার দিদার (৪৪) এবং ল্যান্সনায়েক দেলোয়ারকে (৪১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। পরে রাত ১০টার দিকে একই থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম হাবিলদার শাহজালাল (৫২) এবং সিপাহী সাইফুল ইসলামকে (২২) হাসপাতালে নিয়ে আসেন ।
বিডিআর সদস্যদের নিয়ে আসা পুলিশ কর্মকর্তারা জানান, রিমান্ডে থাকা বিডিআর সদস্যরা থানায় অসুস্থ হয়ে পড়ায় তাদের হাসপাতালে আনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, সাদা পোশাকে থাকা ওই চারজনকে বেশ অসুস্থ দেখাচ্ছিল। তারা প্রত্যেকেই খুড়িয়ে খুড়িয়ে হাঁটছিলেন। তাদের পা ফোলা ছিল। জরুরী বিভাগ থেকে তাদের ৩১ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/এএনএস/এইচএ/০০৩৮ঘ.
bdnews24