সিলেট, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের গোয়াইনঘাট উপজেলার হরিপুরে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরেক জনের মৃত্যু হয়েছে। এরা দু'জনই অটোরিকশার যাত্রী বলে ধারণা করা হচ্ছে।
এর মধ্যে একজন হলেন কানাইঘাট উপজেলার ভাটিধির গ্রামের মজম্মিল আলীর ছেলে আলী আকবর (৩৩)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
জৈন্তাপুর থানার সহকারী উপ-পরিদর্শক আবু সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল ৪টার দিকে হরিপুর এলাকার করিজ সেতুর পাশে সিলেট থেকে দরবস্তগামী একটি অটোরিকশা ও সিলেট থেকে জাফলংগামী ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে যায়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাক ও এর চালক রিপনকে (২০) আটক করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৪ ঘ.
bdnews24